১৮ ঘণ্টার আলোচনা শেষে সুইজারল্যান্ড ছাড়লেন গালিবাফ-আরাগচি

| আপডেট :  ২২ জুন ২০২৬, ০৫:১২  | প্রকাশিত :  ২২ জুন ২০২৬, ০৫:১২

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় ১৮ ঘণ্টার টানা আলোচনার পর তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন ইরানের শীর্ষ আলোচকরা। দুই পক্ষের মধ্যকার এই বৈঠককে কাতার ও পাকিস্তান ‘ইতিবাচক ও গঠনমূলক’ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে চূড়ান্ত চুক্তির পথে এগোতে উভয়পক্ষ কয়েকটি নতুন কাঠামো ও ৬০ দিনের রোডম্যাপেও সম্মত হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ দুটি।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় ১৮ ঘণ্টার এই নিবিড় আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। দলে আরও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, উপ-তেলমন্ত্রী হামিদ বুর্দ এবং অভিজ্ঞ পারমাণবিক আলোচক আলী বাকরি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ ও তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদির নেতৃত্বাধীন কারিগরি দলটি এখনও সুইজারল্যান্ডে অবস্থান করছে। তারা ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা চালিয়ে যাবে।

রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির খবরে বলা হয়, লেক লুসার্ন সম্মেলন শেষে বার্গেনস্টক থেকে গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধি দল তেহরানের উদ্দেশে যাত্রা করে। এর আগে মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান জানিয়েছিল, আলোচনা ‘ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে’ অনুষ্ঠিত হয়েছে এবং এতে ‘উৎসাহব্যঞ্জক অগ্রগতি’ অর্জিত হয়েছে।

দুই দেশ আরও জানায়, চূড়ান্ত চুক্তির দিকে আলোচনাকে এগিয়ে নিতে কয়েকটি নতুন ব্যবস্থা গ্রহণে উভয় পক্ষ সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন, কারিগরি কর্মীদল তৈরি এবং চূড়ান্ত চুক্তির লক্ষ্যে ৬০ দিনের একটি রোডম্যাপ নির্ধারণ।

এদিকে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে চলতি সপ্তাহের শেষ দিকে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত থাকার কথা রয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত