কেরানীগঞ্জে আব্দুল্লাহপুরে বিএনপি নেতা গাজী জাহাঙ্গীরের ছেলের হামলায় দর্জি গুরুতর আহত

| আপডেট :  ০৬ জুলাই ২০২৬, ০২:২৭  | প্রকাশিত :  ০৬ জুলাই ২০২৬, ১২:৪২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় বিএনপি নেতা গাজী জাহাঙ্গীরের ছেলের বিরুদ্ধে এক দর্জিকে মারধরের অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত দর্জি আজগর আলীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সন্ধ্যায় আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে আজগর আলী বাসায় ফেরার উদ্দেশ্যে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে একটি রিকশায় উঠতে গেলে পূর্ব বিরোধের জেরে তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য গাজী জাহাঙ্গীরের ছেলে গাজী সায়মনের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের বড় ভাই আবু অভিযোগ করে বলেন, “গাজী সায়মনের নেতৃত্বে কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে আমার ভাইকে গুরুতর আহত করেছে। হামলার পর থানায় অভিযোগ করতে গেলে আমাদের গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা গাজী জাহাঙ্গীর বলেন, “আমার ছেলের সঙ্গে কিছুটা ঝামেলা হয়েছে বলে শুনেছি। তবে সে কাউকে মারধর করেছে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই। বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়ে পরে জানাব।”

দক্ষিণ কেরানীগঞ্জ থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর) আবুল কালাম আজাদ বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত