আদমদীঘিতে প্রবাসী যুবককে ছুরিকাঘাত করে টাকা-সোনার চেইন ছিনতাই

| আপডেট :  ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৫  | প্রকাশিত :  ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ উপজেলার সান্তাহার পৌরসভা শহরের সুতা পট্রির বাবার ব্যবসা প্রতিষ্টান থেকে টাকা নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে মোটরসাইকেলের গতিরোধ করে এক প্রবাসী যুবককে ছুরিকাঘাত করে নগদ দুই লাখ টাকা ও সোনার চেইন ছিনতাই এর ঘটনা ঘটেছে।

ছুরিকাঘাতে গুরুত্বর আহত সদ্য প্রবাস ফেরত যুবক মেহেদী হাসান(৩১)কে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এঘটনায় আহত মেহেদী হাসানের বাবা উপজেলার সান্দিড়া গ্রামের বাসিন্দা এমদাদুল হক বাদী হয়ে রাজু হোসেন, সাইফুল হোসেন, সুমন হোসেনের নাম উল্লেখসহ আট জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে , আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের এমদাদুল হকের সান্তাহার শহরের সুতা পট্রিতে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রবিবার (৫ জুলাই) দুপুরে, এক মাস আগে প্রবাস থেকে দেশে ফেরা তার ছেলে মেহেদী হাসান ব্যবসা প্রতিষ্টানের বেচাকেনার নগদ দুই লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে সান্দিড়ার গ্রামের বাড়ী ফিরছিল। সে শহরের রেলওয়ে ইয়ার্ড কলোনী এলাকার আলষার মোড় নামক স্থানে পৌঁছলে সেখানে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে এবং মেহেদী হাসানকে ছুরিকাঘাত করে তার কাছে ব্যাগে থাকা নগদ দুই লাখ টাকা ও গলার সোনার চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এবিষয়ে যোগাযোগ করা হলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া সাংবাদিকদের নিকট ওই সংক্রান্ত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনাটি নিয়ে পূর্বের কোন বিরোধ আছে কিনা তা ক্ষতিয়ে দেখে আইনী প্রক্রিয়া গ্রহন করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত