আদমদীঘিতে ৩ মৎস্য খাদ্য ব্যবসায়ীকে জরিমানা

| আপডেট :  ০৭ জুলাই ২০২৬, ০৪:০১  | প্রকাশিত :  ০৭ জুলাই ২০২৬, ০৪:০১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি উপজেলা প্রশাসন উপজেলা সদরের তিন মৎস্য খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে তিন ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, উপজেলা সদরের মৎস্য ও পশু পাখির খাদ্য ব্যবসায়ীরা এ সংক্রান্ত ব্যবসার লাইসেন্স নবায়ন না করে দীর্ঘ দিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। এ বিষয়ে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।

এসময় উপস্থিত ছিলেন- আদমদীঘি সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাহিদ ইসলাম। ভ্রাম্যমাণ আদালত উপজেলা সদর বাজারের মেসার্স হাবিবুল্লাহ মৎস্য ভাণ্ডার, মেসার্স মাসুদ রানা মৎস্য ভাণ্ডার এবং মেসার্স সরকার ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন।

এসময় লাইসেন্স নবায়ন না করে ব্যবসা করার দায়ে ২০১০ সালের মৎস্য ও পশু খাদ্য আইনের বিভিন্ন ধারায় হাবিবুল্লাহ মৎস্য ভাণ্ডারের মালিক মো. মোস্তফার পাঁচ হাজার টাকা, মাসুদ রানা মৎস্য ভাণ্ডারের মালিক মাসুদ রানার পাঁচ হাজার টাকা এবং সরকার ট্রেডার্সের মালিক মো. মুজাহিদের দশ হাজার টাকা মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। এদিকে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত