আদমদীঘিতে তিন করাতকল মালিকের জরিমানা

| আপডেট :  ১৪ জুলাই ২০২৬, ০৭:০৫  | প্রকাশিত :  ১৪ জুলাই ২০২৬, ০৭:০৫

আদমদীঘি (বগুড়া): আদমদীঘিতে লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা করার অপরাধে তিন করাতকল (স’মিল) মালিকের ৩০ হাজার টাকা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় সরকারি কাজে বাধা ও অসহযোগিতার দায়ে এক ব্যক্তির ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম এই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ১৪ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের পশ্চিম বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত টিম অভিযান চালায়। এসময় করাতকলের লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা করায় অপরাধে করাতকল লাইসেন্স বিধিমালা, ২০১২-এর বিভিন্ন ধারায় মেসার্স রাহিম স’মিলের মালিক হামিদুল ইসলামের ১০ হাজার টাকা, মেসার্স কারিমা স’ মিলের মালিক রাশিদুল ইসলামের ১০ হাজার টাকা ও মেসার্স নাহিদ স’ মিলের মালিক দুলাল হোসেনের ১০ হাজার টাকা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় সরকারি কাজে বাধা ও অসহযোগিতা করায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোহাম্মদ সোহেল হোসেনের ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত বন অফিসার এমরান আলী। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত