বাগদান গুঞ্জন, নতুন ছবি প্রকাশ করলেন পূজা চেরি

বাগদানের গুঞ্জন ঘিরে যখন শোবিজ অঙ্গনে চলছে নানা আলোচনা, তখনই সামাজিক মাধ্যমে নতুন ছবি প্রকাশ করে আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন পূজা চেরি। ছবিগুলো প্রকাশের পর ভক্তদের প্রশংসার পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও ফের শুরু হয়েছে জোর আলোচনা।
সম্প্রতি ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেন পূজা। সাদা রঙের ওপর সবুজ-নীল নকশার সালোয়ার-কামিজে, প্রকৃতির সবুজ পরিবেশে খোলা চুল আর হাস্যোজ্জ্বল উপস্থিতিতে ধরা দেন তিনি। ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে লেখেন, “বিকামিং আ বেটার ভার্সন অব মাইসেলফ, ওয়ান স্মাইল অ্যাট আ টাইম”—যার বাংলা অর্থ, প্রতিটি হাসির মধ্য দিয়ে নিজেকে আরও সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছেন তিনি।
ছবি প্রকাশের পরপরই ভক্তদের ব্যাপক সাড়া মেলে। অল্প সময়ের মধ্যেই পোস্টে জমা পড়ে হাজারো প্রতিক্রিয়া ও অসংখ্য মন্তব্য। অনেকেই অভিনেত্রীর নতুন লুক ও স্বাভাবিক সৌন্দর্যের প্রশংসা করেছেন।
তবে ছবির সৌন্দর্যের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পূজার ব্যক্তিজীবন। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার একটি রহস্যময় স্টোরিকে ঘিরে নতুন করে বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। শোবিজ মহলে আলোচনা, তিনি নাকি অনেক আগেই পারিবারিকভাবে বাগদান সম্পন্ন করেছেন। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
গুঞ্জনের সত্যতা জানতে পূজা চেরির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে এক পডকাস্টে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি বিবাহিত নন। তবে পারিবারিকভাবে একসময় তার বাগদান হয়েছিল। একইসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে বিয়ে করলে সেটি গোপনে নয়, সবার জানাশোনার মধ্য দিয়েই করবেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
