আদমদীঘিতে সার চোরাচালানের অভিযোগ প্রমাণিত, ডিলারের ঘর সিলগালা ও জরিমানা

| আপডেট :  ১৯ জুলাই ২০২৬, ০৭:৩৩  | প্রকাশিত :  ১৯ জুলাই ২০২৬, ০৭:৩৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে সার বিপণন ও স্থানান্তর আইন অমান্য করে এক ইউনিয়নের জন্য বরাদ্দ করা ভর্তুকি মূল্যের সরকারি রাসায়নিক সার অন্য ইউনিয়নের ব্যবসায়ীর নিকট চড়া দামে বিক্রি করে সরিয়ে নেওয়ার অভিযোগের প্রমাণ মিলেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) দুপুরে উপজলার কুন্দুগ্রাম ইউনিয়নের কড়ইহাটের বিএডিসি ডিলার মেসার্স কাসেম এন্টারপ্রাইজ নামক ডিলারের বিক্রয় ও মজুত ঘরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম।

এই অভিযানে ওই ডিলারের ঘর, সিলগালা ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার মুক্তকন্ঠ ডটকমসহ একাধিক অনলাইন ও রবিবার একাধিক জাতীয় ও আঞ্চলিক ছাপা পত্রিকায় প্রকাশিত সংবাদের পর উপজেলা প্রশাসন নড়েচড়ে বসেন এবং অভিযানে প্রকাশিত সংবাদের সত্যতা পেয়েছেন।

জানা গেছে, শনিবার সকালে উপজেলা সদর ইউনিয়নের কেশরতা গ্রামের কৃষক হেদায়েতুল ইসলাম শতাধিক বস্তা রাসায়নিক সার বোঝাই দুই ভুটভুটি দেখে চোরাই সার হিসাবে সন্দেহ করেন।

এসময় সারবাহী বাহনের চালকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সারগুলো কুন্দুগ্রাম ইউনিয়নের কড়ইহাটের বিএডিসি ডিলার মেসার্স কাসেম এন্টারপ্রাইজ নামক ডিলারের ঘর থেকে উপজেলা সদরের মেসার্স খন্দকার ট্রেডার্সে নামক ব্যবসায়ীর গুদামে নেওয়া হচ্ছিল।

বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলামকে জানানো হলেও, তিনি সারগুলো অন্য উপজেলার বলে দাবি করে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি। পরে ডিলার এম. এ. কাসেম সারগুলোর মালিকানা স্বীকার করে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান। অন্যদিকে ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি সোহরাব হোসেন দাবি করেন, সারগুলো নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজার থেকে আনা হয়েছে। তবে এ দাবির পক্ষে তিনি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা ও কাগজিক প্রমাণ দেখাতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ডিলার বলেন, প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন ও ডিলার-টু-ডিলার স্থানান্তরের বিধি অনুসরণ না করেই সার পরিবহন করা হচ্ছিল, যা প্রচলিত নীতিমালার পরিপন্থি তথা চোরাকারবারি। অবশেষে রোববার সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স কাসেম এন্টারপ্রাইজ নামক বিএডিসি বীজ ও সার ডিলারের ঘর সিলগালা ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত