আর্জেন্টিনার নারী সমর্থক সেই রুনা কারাগারে

যশোরের শার্শায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনার নারী সমর্থক রুনা পারভীনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১৯ জুলাই) রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাকে গ্রেপ্তার করে। সোমবার (২০ জুলাই) আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রোববার রাতে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রুনাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বাড়িতে কয়েকজন ব্যক্তি ইলেকট্রনিক ডিভাইস ও ই-ট্রানজেকশনের মাধ্যমে নিষিদ্ধ বিভিন্ন অনলাইন বেটিং সাইট ব্যবহার করে জুয়ার কার্যক্রম পরিচালনা করছে বলে পুলিশ জানতে পারে। জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি দল রোববার রাতে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও রুনা পারভীনকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে রুনা পারভীনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়ের করেন। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন জানিয়েছেন, অনলাইন জুয়ার এই চক্রের সঙ্গে জড়িত পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
প্রসঙ্গত, আর্জেন্টিনার জার্সি পরা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসে যশোরের রুনা পারভীন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
