আদমদীঘিতে একই প্রকল্পে দুইবারে কোটি টাকা বরাদ্দ, তদন্তে জেলা প্রশাসক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের বিরুদ্ধে একটি উন্নয়ন প্রকল্পে মাত্র পাঁচ মাসের ব্যবধানে দুই দফায় কোটি টাকা বরাদ্দ নেওয়া এবং কর্তৃপক্ষকে না জানিয়ে এক কাজের পরিবর্তে অন্য কাজ করার অভিযোগ উঠার পর তদন্তে নেমেছে বগুড়া জেলা প্রশাসকের নিয়োগপ্রাপ্ত তদন্ত দল।
জেলা প্রশাসকের নিয়োগপ্রাপ্ত তদন্ত দলে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জ্যেতি বিকাশ চন্দ্র, জনস্বাস্থ্য বিভাগের প্রধান প্রকৌশলীর মনোনীত প্রতিনিধি শাকিল ইসলাম এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোতাহার হোসেন। ২৯ জুলাই বুধবার তদন্তকারী দল দিনভর আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন জনের সাথে সাক্ষাৎ করে তদন্ত কার্যক্রম চালিছেন।
জানা গেছে, একই প্রকল্পে দুইবারের এ বরাদ্দের বিপরীতে প্রকল্পের কাজ দৃশ্যমান না থাকায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার ও প্রকাশিত হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান উপজেলার সচেতন নাগরিকরা। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখা-২ থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপন পর্যালোচনায় দেখা যায়, একই অর্থবছরে আদমদীঘি উপজেলার প্রশাসনিক ভবন, আবাসিক ভবন ও রাস্তা মেরামতের জন্য প্রায় একই ধরনের প্রকল্পে দুই দফায় ৫০ লাখ টাকা করে মোট ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
২০২৫ সালের ১১ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবু রাফা মোহাম্মদ আরিফ স্বাক্ষরিত (স্মারক নং-৪৬.০০.০০০০.০৪৫.২০.০০৩.২৫-৪২৩) প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির “উপজেলা উন্নয়ন সহায়তা” প্রকল্পের থোক বরাদ্দ থেকে আদমদীঘি উপজেলার ছয়টি প্রকল্পের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
প্রকল্পগুলো ছিল উপজেলা কৃষি অফিস পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের রাস্তা মেরামত, উপজেলা পরিষদের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবনের সংস্কার এবং যমুনা ও রূপসা নামের দুই আবাসিক ভবনের মেরামত ও সংস্কার। পরবর্তীতে ২০২৬ সালের ১০মে একই মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত (স্মারক-৪৬.০০.০০০০.০০০.০৪৫.২০.০৩৬৯.২৬-৭৩৬) আরেকটি প্রজ্ঞাপনে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় পুনরায় উপজেলা প্রশাসনিক ভবন (পুরাতন), নতুন প্রশাসনিক ভবনসংলগ্ন রাস্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের প্রবেশ সড়ক, উপজেলা কৃষি অফিসের সামনের রাস্তা এবং যমুনা ও রূপসা আবাসিক ভবনের মেরামতের জন্য আরও ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
দুটি প্রজ্ঞাপনের প্রকল্পের তালিকা বিশ্লেষণ করলে দেখা যায়, দুইটি প্রকল্প একই অবকাঠামোকে ঘিরেই বরাদ্দ নেওয়া -দেওয়া হয়েছে। এতে করে মাত্র পাঁচ মাসের ব্যবধানে একই ধরনের কাজের জন্য ফের সমপরিমাণ বরাদ্দ দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি সরেজমিনে উপজেলা পরিষদ এলাকা পরিদর্শন করে দেখা যায়, উপজেলা পরিষদের বিভিন্ন দৃশ্যমান উন্নয়নমূলক কাজ, নতুন প্রশাসনিক ভবনের সাজসজ্জাসহ অধিকাংশ অবকাঠামোগত উন্নয়ন কাজ করা হয়েছে সেগুলো সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ এর দায়িত্বকালে সম্পন্ন হয়েছে।
অপরদিকে, উপজেলা কৃষি অফিসের সামনের রাস্তা আরসিসিকরণের প্রকল্প ২০২৫ সালে উল্লেখ্য এবং দুইবার বরাদ্দ পাস হলেও রাস্তাটিতে ইট সোলিং করা ছাড়া পাকাকরণের কাজ দেখা যায়নি। এছাড়াও প্রকল্প অধীনের রূপসা আবাসিক ভবনে উল্লেখযোগ্য কোনো সংস্কার কাজের চিহ্ন দেখা যায়নি। ভবনের দেয়ালে শেওলা জমেছে, ভবনটি দীর্ঘদিন অযত্নে পড়ে থাকার চিত্র স্পষ্ট। একইভাবে যমুনা আবাসিক ভবনের নিচতলার বারান্দায় গাছপালা জন্মেছে, ছাদ ও দেয়ালে শেওলা ও পরজীবী উদ্ভিদ দেখা গেছে। ভবনের কাঠের জানালার পাল্লা নষ্ট হয়ে পড়েছে এবং চারটি ফ্ল্যাটের মধ্যে মাত্র একটি ফ্ল্যাটে বসবাস করছেন একটি পরিবার। এদিকে, উপজেলা পরিষদের দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা প্রাচীর পুনঃনির্মাণের কাজ চলমান থাকলেও সংশ্লিষ্ট দুই প্রজ্ঞাপনের কোনো প্রকল্পেই সীমানা প্রাচীর নির্মাণের উল্লেখ নেই।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম বলেন, দ্বিতীয়বার নতুন প্রকল্প প্রস্তাব পাঠানো হলেও মন্ত্রণালয় ভুলক্রমে প্রথম প্রকল্পগুলোর নামেই পুনরায় বরাদ্দ দিয়েছে। পরে উপজেলা মাসিক সমন্বয় সভায় দুই বরাদ্দ সমন্বয় করে উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য রেজুলেশন ও নতুন কাজের তালিকা প্রস্তুত করা হয়েছে। বর্তমানে সে অনুযায়ী কাজ চলমান রয়েছে।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা বলেন, কাজে কোনো দুর্নীতি হয়নি। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি গ্রহণ না করে কাজ করা সঠিক হয়নি। এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা জেলা প্রশাসকের নিয়োগপ্রাপ্ত তদন্তকারী দলের সাথে কথা বললে, তারা জানান, তদন্ত সম্পন্ন না হাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
