যবিপ্রবিতে নবীনদের হাতে জুলাই গণঅভ্যুত্থানের বিশেষ স্মারক ‘মম শির ২৪’

| আপডেট :  ০৫ আগস্ট ২০২৬, ০১:৩৪  | প্রকাশিত :  ০৫ আগস্ট ২০২৬, ০১:৩৪

যবিপ্রবি প্রতিনিধি, আল আমিন : জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় ইতিহাস, প্রেক্ষাপট ও আদর্শ বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সামাজিক-মানবিক সংগঠন ‘উন্নত মম শির’। সংগঠনটির উদ্যোগে প্রকাশিত বিশেষ স্মারক ম্যাগাজিন ‘মম শির ২৪-এর অভ্যুত্থান’ ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আয়োজনের মাধ্যমে সংগঠনের সদস্যরা নবীন শিক্ষার্থীদের হাতে এই ম্যাগাজিনটি তুলে দেন।প্রকাশিত এই স্মারক ম্যাগাজিনটিতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে যবিপ্রবি শিক্ষার্থীদের প্রত্যক্ষ সম্পৃক্ততা, আন্দোলনের পটভূমি, গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ এবং ছাত্র-জনতার আত্মত্যাগের নানা দিক বিস্তারিতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

একই সঙ্গে নতুন প্রজন্মকে দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সম্পর্কে সচেতন করে তোলা এবং ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে উদ্বুদ্ধ করার বার্তা স্থান পেয়েছে ম্যাগাজিনটিতে।

উদ্যোগটি সম্পর্কে উন্নত মম শির সংগঠনের একজন সদস্য বলেন, “নবীন শিক্ষার্থীদের কাছে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস ও চেতনা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই তারা শহীদদের অনন্য আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে একজন দায়িত্বশীল, মানবিক ও সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলুক।”আয়োজকরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ কেবল একটি স্মারক প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের ইতিহাসচর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতার সঙ্গে সম্পৃক্ত করাই এর প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীবৃন্দ এবং সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত