আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানি চেষ্টার মামলায় গ্রেপ্তার ১

আদমদীঘি ( বগুড়া) প্রতিনিধি: উপজেলার রামপুরা গ্রামে এক হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মাসুদ দেওয়ান(৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মামলার আরজি ও পুলিশ সূত্রে জানা গেছে, ৪ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভুক্তভোগী গৃহবধূর স্বামী মাছ ধরতে যাওয়ার জন্য অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। স্বামীকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে বাড়ি ফেরার সময় বাড়ির পাশেই আগে থেকে ওঁৎ পেতে থাকা মাসুদ দেওয়ান তাকে ঝাপটে ধরে শ্লীলতাহানি করার চেষ্টা করতে থাকেন। এ সময় গৃহবধূর আত্মচিৎকারে তার স্বামী ও আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু সে কৌশলে পাশের একটি পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার (৫ আগস্ট) ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে আদমদীঘি থানায় মাসুদ দেওয়ানকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এবিষয়ে স্থানীয় সাংবাদিকরা যোগাযোগ করলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া জানান, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
