কেরানীগঞ্জে বাঘৈর হাইস্কুলে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫০ শতাংশের নিচে

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের বাঘৈর হাইস্কুলে এবারের পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যালয়টি থেকে মোট ১০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে মাত্র ৪৭ জন। পাসের হার দাঁড়িয়েছে প্রায় ৪৬ দশমিক ৫৩ শতাংশে। যা কেরানীগঞ্জ পাসের হারের দিক থেকে সর্বনিম্নের মধ্যে রয়েছেন।
ফলাফলে জিপিএ-৫ বা এ+ পায়নি একজন শিক্ষার্থীও । অর্থাৎ, ১০১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জনই পাস করতে পারেনি। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, পরীক্ষার্থীদের একটি বড় অংশ কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি। বিশেষ করে পাসের হার এত কম হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার মান, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের প্রস্তুতি ও শিক্ষকদের একাডেমিক তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিভাবকদের অনেকে মনে করছেন, ফলাফলের এই চিত্র থেকে শিক্ষা নিয়ে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। শিক্ষার্থীদের দুর্বল বিষয়গুলো চিহ্নিত করে অতিরিক্ত ক্লাস, নিয়মিত পরীক্ষা, অভিভাবক-শিক্ষক সমন্বয় এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
স্থানীয় শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একটি বিদ্যালয়ের ফলাফল শুধু শিক্ষার্থীদের ব্যর্থতা দিয়ে ব্যাখ্যা করা যায় না। এর সঙ্গে বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি, শিক্ষকের উপস্থিতি, শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়ন, অভিভাবকের ভূমিকা ও বিদ্যালয় পরিচালনার সামগ্রিক ব্যবস্থাপনাও জড়িত। তাই বাঘৈর স্কুলের এবারের ফলাফল পর্যালোচনা করে কোথায় ঘাটতি রয়েছে, তা দ্রুত চিহ্নিত করা দরকার।গত বছরও এই বিদ্যালয়টি ভালো ফলাফল অর্জন করতে পারেনি।
১০১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন পাস এবং একজন এ+ না পাওয়ার ঘটনায় বিদ্যালয়ের ফলাফল নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এবিষয়ে বাঘৈর হাইস্কুলের প্রধান আবুল মনসুর আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।
কেরানীগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা বলেন, যেসব প্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ হয়নি, সেগুলোর কারণ খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় দিকনির্দেশনা ও তদারকির মাধ্যমে আগামী বছর ফলাফল উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
