পটুয়াখালীতে কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

| আপডেট :  ১২ আগস্ট ২০২৬, ০৩:৫৩  | প্রকাশিত :  ১২ আগস্ট ২০২৬, ০৩:৫৩

 

পটুয়াখালী প্রতিনিধি: উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, টেকসই ধান উৎপাদন ও কৃষকের আয় এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের’ উদ্যোগে পটুয়াখালীর পটুয়াখালী সদর উপজেলার পশুরীবুনিয়া গ্রামের কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউ স্যাটেলাইট স্টেশনের ব্যবস্থাপনায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ আমানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্রি স্যাটেলাইট স্টেশন-পটুয়াখালীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কার্যালয় প্রধান ড. মুহম্মদ আশিক ইকবাল খান।

এসময় কৃষকদের মাঝে ইউরিয়া, ডিএপি, এমওপি, জিপসাম, জিংক সার এবং কীটনাশক, বালাইনাশক ও সাইনবোর্ড বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আমানুল ইসলাম বলেন, উপকূলীয় অঞ্চলের কৃষকরা প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগ, জোয়ার-ভাটা, জলাবদ্ধতা ও অন্যান্য প্রতিকূলতার মুখোমুখি হন। এসব প্রতিকূলতা মোকাবিলায় আমন মৌসুমে ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল ও জলবায়ু-সহনশীল ধানের জাতের চাষ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির করতে হবে।

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মদ আশিক ইকবাল খান বলেন, এলএসটিডি প্রকল্পের প্রধান লক্ষ্য হলো স্থানভিত্তিক সমস্যা চিহ্নিত করে উপযোগী ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং তা কৃষকের মাঠে সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা। পশুরীবুনিয়া প্রযুক্তি গ্রামের কৃষকদের কাছে আধুনিক ধানের জাত ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত উৎপাদন অর্জনে আশাবাদী।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত