সান্তাহারে কাগজপত্র ছাড়াই বৈধ মালিকের পুকুর প্রভাবশালী কর্তৃক দখলে রাখার অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: উপজেলার সান্তাহারে হাজি জাহিদুল ইসলাম বাবলু নামের এক ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রকার কাগজপত্র ছাড়াই বৈধ মালিকানা থাকা এক ব্যক্তির ১৯ শতক আয়তনের একটি পুকুর দীর্ঘ দিন ধরে দখলে রেখে অবৈধ ভাবে ভোগ দখল করার অভিযোগ উঠেছে। বৈধ মালিকানার পুকুরটি সান্তাহার পৌর শহরের বশিপুর মৌজার বাঁশহাটি এলাকায় অবস্থিত।
জানা গেছে, উপজেলার সান্তাহার পৌরসভা শহরের বশিপুর মৌজায় ১৯ শতক আয়তনের পুকুরটির সিএস খতিয়ান নম্বর ১৭৯, এসএ (এম আর আর) খতিয়ান ৪৫০, সাবেক দাগ ১১৩৮ এবং হাল দাগ ২৩৯৩। জমি বা পুকুরটি হাল (আরএস) জরিপের সময় ভুলবশত ১/১ খতিয়ানের অন্তর্ভুক্ত হয়েছে। ওই পুকুরটির বিষয় সম্পর্কে বৈধ মালিক বিভিন্ন মাধ্যমে অবৈধ দখলদার হাজি জাহিদুল ইসলাম বাবলুকে অবগত করেছেন, কিন্তু তিনি এতে কোনো কর্ণপাত করছেন না, বরং বেপরোয়া ভাবে পুকুরটি ভোগদখলে রেখে ভাড়া দিয়ে মাছচাষের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, জমিজমা জোরপূর্বক দখলে রাখার বিষয়ে প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ ও জরিমানার বিধান থাকলেও দখলদার আইনের তোয়াক্কা না করে ওই মালিকানা থাকা পুকুরটি দখলে রেখেছেন। এ ঘটনায় জমি বা পুকুরের বৈধ মালিক আদালতে রেকর্ড সংশোধনী একটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। আদালতে বিচারাধীন থাকা অবস্থায় পুকুরটি দখলে রেখে মাছচাষ অব্যাহত রাখার অভিযোগে প্রকৃত মালিকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজন হাজি মানুষের বিরুদ্ধে পুকুরের ভোগদখল সংক্রান্ত অভিযোগ প্রকাশ্যে আসায় বিষয়টি স্থানীয় জনমনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি সুরাহার জন্য পুকুরটির প্রকৃত মালিকানা ব্যক্তির কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
এ বিষয়ে যোগাযোগ করা হলে, ওই পুকুরের বর্তমান দখলদার হাজি জাহিদুল ইসলাম বাবলু স্থানীয় সাংবাদিকদের নিকট পুকুরটির মালিকানার পক্ষে তার কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকা এবং পুকুরটির দখলে রাখার বিষয়টি স্বীকার করার পর তিনি আর কোনো মন্তব্য করতে রাজী হয়নি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
