সান্তাহারে অবৈধভাবে হোটেল পরিচালনা ও অসামাজিক কার্যকলাপ, ২ মালিকের জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: উপজেলার সান্তাহার পৌর শহরের রেল স্টেশন রোড এলাকার আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ ও আবাসিক লাইসেন্স না থাকার অভিযোগে দুইটি আবাসিক হোটেলের মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা গেছে, রবিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন এলাকার সান্তাহার আবাসিক হোটেলে যুবক যুবতী স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলের ৮ নম্বর রুম বুক করে তারা সেখানে অবস্থান করে। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয় কয়েকজন যুবক হোটেল ম্যানেজারের সহযোগিতা নিয়ে তারা পুলিশে খবর দেয়।
প্রকৃতপক্ষে তারা স্বামী-স্ত্রী নয়, এটা নিশ্চিত হওয়ার পর পুলিশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামকে খবর দেন। তিনি ঘটনাস্থলে এসে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। যুবক-যুবতীকে পুলিশ হেফাজতে দেওয়ার পর, হোটেলের অব্যবস্থাপনা এবং আবাসিক লাইসেন্স না থাকার অভিযোগে সান্তাহার আবাসিক হোটেলের মালিক মহসীন আলীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে পাশের সোনারগাঁ আবাসিক হোটেলের মালিক গোলাম রসুলকে ৫ হাহার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেন বলেন, সান্তাহার পৌর শহরে অন্যায়, বিশৃঙ্খলা, মাদক, অসামাজিকতা, জুয়াসহ আইন শৃঙ্খলা পরিপন্থি বিভিন্ন প্রকার অনিয়ম রোধে পুলিশ প্রশাসন সদা তৎপর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
