কারাবন্দী দীপু মনির স্বামীর মৃত্যু, প্যারোলে মুক্তির পর জানাজা

মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষা মন্ত্রী ও সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর প্যারোলে মুক্তির আবেদন করতে আইনজীবী ও স্বজনরা এখন মুন্সীগঞ্জে রয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
তিনি বলেন, ‘স্বামীর মৃত্যুর ঘটনায় তার প্যারোলে মুক্তির আবেদন নিয়ে আমরা এসেছি। তার মেয়ে তানী দীপাবলি কারাগার অভ্যন্তরে তার সঙ্গে কথা বলার জন্য গিয়েছেন। সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে আমরা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন জানাব। আশা করছি, মানবিক বিবেচনায় তার মুক্তি মিলবে।’
দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, ‘রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা গেছেন। তবে কোথায় কখন দাফন ও জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে।’
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ জানান, প্যারোলে মুক্তির বিষয়ে তারা এখনো অবগত নন। যথাযথ কতৃপক্ষের আবেদন পেলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।
উল্লেখ্য, তৌফিক নেওয়াজ ২০১৯ সালে স্ট্রোক করে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনরা।
তৌফিক নাওয়াজ পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
