মধ্যরাতে মোটরসাইকেলে ২ তরুণের মাঝখানে তরুণী, নেপথ্যে কী?

| আপডেট :  ২৭ আগস্ট ২০২৬, ০৫:৩৫  | প্রকাশিত :  ২৭ আগস্ট ২০২৬, ০৫:৩৫

ঢাকা-টঙ্গী মহাসড়কে মধ্যরাতে একটি মোটরসাইকেলযোগে দুই তরুণের মাঝে এক তরুণীকে অচেতন অবস্থায় বহনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে মোটরসাইকেলে থাকা ওই তরুণীর জুতাহীন খালি পা নিচের দিকে ঝুলে থাকতে দেখা যায় এবং পেছনে থাকা এক তরুণকে তাকে শক্ত করে ধরে রাখতে দেখা যায়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে মাদরাসাতুল মাদীনা-বগুড়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো পোস্ট করে জানান, ওমরার সফর শেষে তিনি বগুড়া ফেরার পথে গাড়ি থেকে দৃশ্যটি দেখে ছবি তোলেন।

এদিকে ভিডিওতে তরুণীকে যে অবস্থায় দেখা যায়, তাতে সে জীবিত নাকি মৃত তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।

পোস্টে মনোয়ার হোসেন লেখেন, ‘এটা কি লাশ নিয়ে যাচ্ছে? আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কেউ থাকলে বিষয়টি দ্রুত অ্যাকশন নেন। রাত ৩টা ১৫ থেকে ২০ মিনিটের দিকে আমি টঙ্গী পর্যন্ত সর্বশেষ দেখেছি।

উত্তরার আব্দুল্লাহপুর পার হয়ে টঙ্গী পর্যন্ত একটি মোটরসাইকেল ফলো করলাম। একজন যুবক ড্রাইভ করছেন। মাঝখানে একজন তরুণী। তার পা খালি ছিল এবং নিচের দিকে ঝুলছিল।

তিনি আরো উল্লেখ করেন, ‘জাগ্রত বা জীবিত মানুষের এমনভাবে পা ঝোলার কথা নয়। পেছন থেকে আরেকজন যুবক প্রাণান্তকর চেষ্টা করে তাকে জাপটে ধরে রেখেছেন। নয়তো তিনি নিশ্চিত পড়ে যেতেন। প্রাইভেট কারের ভেতর থেকে দেখে আমার খুব সন্দেহ হলো। খুব কাছ থেকে ছবি তুললাম।

দেখলাম, মেয়েটি হয় অজ্ঞান, অথবা মৃত দেখে এমনটাই মনে হয়েছে।’

সর্বশেষে তিনি লেখেন, ‘৯৯৯-এ কল দিলাম, কিন্তু যোগাযোগ করতে পারিনি। টঙ্গী পর্যন্ত এভাবেই আমরা দেখেছি। জানি না, প্রকৃত বিষয়টা কী। ছবিগুলো শেয়ার করে রাখলাম। যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে এদের ক্লু পাওয়া যাবে।’

এদিকে তার পোস্টে রাকিব হোসেন নামের এক নেটিজেন মন্তব্যে জানান, রাত ৩টার দিকে উত্তরা ফ্লাইওভারে তিনিও ওই তরুণদের দেখেছেন। প্রথম দেখায় তিনিও ভাবেন, কোনো তরুণীর মরদেহ হয়তো নিয়ে যাওয়া হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম জানান, ঘটনাটি নজরে আসার পর তদন্ত করা হচ্ছে। মোটরসাইকেলের নম্বর দেখে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত