পটুয়াখালীর গলাচিপায় বিএনপির দুই গ্রুপ মুখোমুখি, ধাওয়া পাল্টা-ধাওয়ায় (ভিডিওসহ)

| আপডেট :  ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯  | প্রকাশিত :  ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮

পটুয়াখালীর গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে দলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। এতে পৌর শহরের কয়েকটি স্থানে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে গলাচিপা পৌর শহরের কালীবাড়ি, বটতলা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সংলগ্ন এলাকায় এসব ঘটনা ঘটে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গলাচিপায় দলের বর্তমান উপজেলা কমিটির নেতাকর্মী এবং সাবেক নেতাদের অনুসারীরা আলাদাভাবে কর্মসূচি আয়োজন করেন। পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে আগের দিন থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে দুই পক্ষের নেতা-কর্মীরা কাছাকাছি অবস্থান নিলে তাদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়।

পরে দুই পক্ষ পৃথক মিছিল নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়কে বের হয়। মিছিলগুলো কালীবাড়ি ও বটতলা এলাকায় পৌঁছালে দুই পক্ষের মধ্যে ফের উত্তেজনা দেখা দেয়। এ সময় একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ারও ঘটনা ঘটে।

হঠাৎ এমন পরিস্থিতিতে ওই এলাকার ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয়।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সাজেদুল ইসলাম বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে অল্প কিছু হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই পুলিশ ঘটনাস্থলে ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত