আদমদীঘির সান্তাহারে যুবকের মরদেহ উদ্ধার

| আপডেট :  ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪  | প্রকাশিত :  ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ট্রান্সশীপমেন্ট ইয়ার্ড এলাকার একটি ছাতিম গাছ থেকে বাঁধন নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। এম ডি বাঁধন (২৭) সান্তাহার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের রেলওয়ে ইয়ার্ড কলোনি মহল্লার মাসুদ পারভেজের ছেলে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোরে স্থানীয় লোকজন ওই স্থানে ও গাছের ডালে বাঁধনের মরদেহ ঝুলে থাকতে দেখে। পরে বিষয়টি  পুলিশকে জানানো হয়। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সান্তাহার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলাউদ্দীন আলী বলেন, বাঁধন একটি মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে ছিল। কিছুদিন আগে সে কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়িতে আসে এবং বিয়ে করে। সে সান্তাহার শহরের বিভিন্ন খাবার হোটেলে কর্মচারীর কাজ করতো।

নিহত বাঁধনের মা সীমা বানু সাংবাদিকদের বলেন, আমার ছেলে আত্মহত্যা করেনি। তাকে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, বাঁধনের মৃত্যুটি সন্দেহজনক, তার গলায রশি থাকলেও পা দুটি মাটিতে ঠেকে ছিলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন বলেন, বাঁধনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কেউ বাদি হয়ে মামলা দায়ের করলে প্রয়োজনীয় আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত