আদমদীঘিতে দুই নারী মাদক কারবারি গাঁজাসহ গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: উপজেলার সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তিন কেজি গাঁজা সহ পারুল বেগম ও রুপালী বেগম নামের দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতার ওই দুই নারীকে বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বগুড়ার আদালতে পাঠিয়েছে আদমদীঘি থানা পুলিশ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বগুড়ার “খ” সান্তাহার সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানান, গত মঙ্গলবার সন্ধ্যার পূর্বে জয়পুরহাট জেলার আক্কেলপুরের তিলকপুর এলাকা থেকে আদমদীঘি উপজেলার সান্তাহারের উদ্দেশ্যে মাদকের একটি চালান আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইসবপুর এলাকায় সান্তাহার-জয়পুরহাট সড়কে নম্বর বিহীন একটি সিএনজি চালিত অটোটেম্পু থামিয়ে তল্লাশী করা হয়।
ওই টেম্পুতে যাত্রীবেশে থাকা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মংলা বাজারের আব্দুল করিমের স্ত্রী পারুল বেগম (৫৬) এবং একই উপজেলার ঘাসুড়িয়া গ্রামের রহিদুল ইসলামের স্ত্রী রুপালী বেগম (৪০) এর কোমরে বিশেষ কায়দায় বাঁধা পলিথিনে মোড়ানো তিন কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এঘটনায় আদমদীঘি থানায় মাদক কারবারি পারুল বেগম ও রুপালী বেগমকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া, মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, গাঁজাসহ গ্রেপ্তারকৃত ওই দুই নারীকে বুধবার ( ৯ সেপ্টেম্বর) সকালে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
