সিরাজদিখানে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামকৃষ্ণদি চ্যাম্পিয়ন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখানে পূর্ব ইসলামবাগ ক্রীড়া সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পূর্ব ইসলামবাগ মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল উৎসবের আমেজ।
ফাইনালে মুখোমুখি হয় চান্দের চর অগ্নিবীণা যুব সংঘ ও ইসলামবাগ রামকৃষ্ণদি স্পোর্টিং ক্লাব। খেলা শুরুর আগে থেকেই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে দর্শনার্থীরা মাঠে আসতে শুরু করেন। নির্ধারিত ৬০ মিনিটের ফাইনাল দেখতে মাঠের চারপাশে জড়ো হন শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ। দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পূর্ব ইসলামবাগ মাঠ।
শাহ জালাল মাতবরের সভাপতিত্বে এবং শেখ সাদীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জহিরুল ইসলাম জহির।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লতব্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামসুদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন আমির আলী মাদবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পূর্ব ইসলামবাগ ক্রীড়া সংঘের সভাপতি নূর হোসেন ভান্ডারী, পলাশ আহমেদ, সোহাগ আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
ফাইনাল শেষে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে ওয়ালটন কোম্পানির একটি ফ্রিজ এবং রানার্সআপ দলকে একটি এলইডি টিভি দেওয়া হয়।
উত্তেজনাপূর্ণ ফাইনালে চান্দের চর অগ্নিবীণা যুব সংঘকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসলামবাগ রামকৃষ্ণদি স্পোর্টিং ক্লাব।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
