দুমকিতে তরুণীকে উক্ত্যক্তের অভিযোগে ইউপি সদস্য আটক, থানায় মামলা

| আপডেট :  ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫  | প্রকাশিত :  ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাসিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম বারেককে এক তরুণীকে উত্ত্যক্ত ও রাতে বসতঘরের পেছনে অনুপ্রবেশের অভিযোগে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের মানিক বয়াতির বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুমকি থানায় একটি এজাহার দায়ের করে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বারেক দীর্ঘদিন ধরে মানিক বয়াতির মেয়ে আয়েশাকে মোবাইল ফোনে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার রাতে তিনি তরুণীকে বাড়ির পেছনের বাথরুমের কাছে আসতে বলেন। এ সময় বাথরুমের পাশে সন্দেহজনক শব্দ পেয়ে পরিবারের সদস্যরা টর্চলাইটের আলো ফেললে বারেক পালানোর চেষ্টা করেন। দৌড়াতে গিয়ে তিনি পাশের টিনের বেড়া ও সার রাখা গর্তে পড়ে যান। পরে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে।আটকের পর ক্ষুব্ধ জনতা তাকে মানিক বয়াতির বসতঘরে নিয়ে পায়ে শিকল দিয়ে আটকে রাখে। খবর পেয়ে তার স্বজন ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা দুমকি থানায় খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন নিজেও ঘটনাস্থলে যান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বারেক মেম্বার নিয়মিত ওই তরুণীকে মোবাইলে কুপ্রস্তাব দিতেন ও হুমকি দিতেন। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ডও তাদের কাছে রয়েছে বলে জানা গেছে।

এদিকে, ঘটনার পরপরই শিকল পরা অবস্থায় ইউপি সদস্যকে আটকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। এতে বিভিন্ন এলাকা থেকে লোকজন ঘটনাস্থল ও থানা প্রাঙ্গণে ভিড় করেন।

দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ভুক্তভোগী মেয়ে এমটি এজাহার দায়ের করে। আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত