দুই বাংলাদেশিকে সীমান্ত পেরোতে সহায়তা, ভারতীয় সেনা সদস্য গ্রেফতার

| আপডেট :  ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২  | প্রকাশিত :  ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২

বাংলাদেশের গোপালগঞ্জের দুই বাসিন্দাকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে দেশটির এক সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ওই দুই বাংলাদেশিকেও আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সোমবার গভীর রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার বিথারি-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দাহারকান্দ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

এদিন গোপালগঞ্জের বাসিন্দা জয় বারুই ও বৈশাখী বারুই কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করেন এবং পরে তাদের স্বরূপনগর থানায় হস্তান্তর করেছে

পুলিশ সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, আটকের পর জিজ্ঞাসাবাদে ওই দুই বাংলাদেশি এক ভারতীয় সেনা সদস্যের নাম উল্লেখ করেন। ওই সেনা সদস্যের নাম গৌতম অধিকারী। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগরার বাসিন্দা এবং রাজস্থানের যোধপুরে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। ঘটনার সময় তিনি ছুটিতে নিজ বাড়িতে ছিলেন।

পুলিশের প্রাথমিক তদন্তে অভিযোগ উঠেছে, গৌতম অধিকারী ওই দুই বাংলাদেশিকে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশে সহায়তা করতে পারেন। তবে তার ভূমিকা কী ছিল এবং এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পর গৌতম অধিকারীকে তার হুগলির বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে জয় বারুই, বৈশাখী বারুই ও গৌতম অধিকারী—তিনজনকেই ২৪ পরগনার বসিরহাট আদালতে হাজির করা হয়। আদালত তাদের ১৪ দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন।

এদিকে ওই দুই বাংলাদেশি কেন ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন, সে বিষয়ে এখনো তদন্ত চলছে। তাদের ভারতে প্রবেশের উদ্দেশ্য এবং সীমান্ত পারাপারে সেনা সদস্যের কথিত ভূমিকার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত