আদমদীঘিতে সাংবাদিককে মারপিটের মামলায় গ্রেপ্তার ১

| আপডেট :  ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭  | প্রকাশিত :  ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বিহিগ্রামে সাংবাদিক ফিরোজ হোসেন নাজির ও তাঁর বাবা ফরহাদ আলীকে মারপিটের ঘটনায় পুলিশ আব্দুর রহমান নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।

গত শুক্রবার বাড়ির খলিয়ানে তার কাঁটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে মারপিট করে মাথায় রক্তাক্ত জখম করার মামলায় মঙ্গলবার রাতে আব্দুর রহমান নামের প্রতিবেশি আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কৃত আব্দুর রহমান (৬৫) উপজেলার বিহিগ্রাম গ্রামেন কুমার পাড়ার লীল চাঁনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিহিগ্রাম গ্রামের কুমারপাড়ায় বাড়ির খলিয়ানে তারকাঁটার বেড়া দেওয়ার কাজ করছিল জাতীয় দৈনিক মানব জমিন পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি ফিরোজ হোসেন নাজিরের বাবা ফরহাদ আলী। এ সময় প্রতিবেশি আব্দুর রহমানের নির্দেশে সাথী বেগম, আসমা বেগম ও রুজিনা বেগম বৃদ্ধ ফরহাদ আলীকে উস্কানীমূলক ভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় তিনি গালি গালাজ করতে নিষেধ করলে ওই তিন নারী তার ওপর হামলা করে এলোপাতাড়ি মারপিট করেন। এতে তার মাথায় রক্তাক্ত জখম হয়। বাবার চিৎকারে ছেলে ফিরোজ হোসেন নাজির তার বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও লাঠিসোটা দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। এ ঘটনায় শনিবার সকালে আহত ফিরোজ হোসেন বাদি হয়ে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া বলেন, সাংবাদিক ফিরোজের দায়ের করা মামলায় আব্দুর রহমানকে গ্রেপ্তার করে বুধবার বগুড়ার আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত