আইএলটি২০ নিলামে ১০ বাংলাদেশি, সর্বোচ্চ ভিত্তিমূল্যে তাসকিন-নাহিদ-রিশাদ

| আপডেট :  ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬  | প্রকাশিত :  ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০) নিলামের জন্য ২৩ দেশের চার শতাধিক ক্রিকেটার নিবন্ধন করেছেন। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। তিনটি ভিন্ন ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তারা। বাংলাদেশের তিন ক্রিকেটার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও রিশাদ হোসেন নিলামের সর্বোচ্চ ৮০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯৮ লাখ ৬০ হাজার টাকা।

এই ক্যাটাগরিতে তাদের সঙ্গে রয়েছেন বাবর আজম, ফাফ ডু প্লেসিস, ডেভিড উইলি, ফখর জামান, উসমান তারিক, জনি বেয়ারস্টো, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, আলজারি জোসেফ, টম ব্যান্টন, ক্রিস ওকস, অ্যালেক্স হেলস, নাসিম শাহ, শাহজাদা ফারহান, ফজলহক ফারুকি, দাসুন শানাকা ও ফিল সল্টের মতো তারকারা।

বাংলাদেশের আরও চার ক্রিকেটার শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত রয়েছেন ৪০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্ক প্রায় ৪৯ লাখ ৩০ হাজার টাকা। এই ক্যাটাগরিতে তাদের সঙ্গে আছেন জেডেন সিলস, ইব্রাহিম জাদরান, শাদাব খান, তাবরাইজ শামসি, আভিশকা ফার্নান্দো, হাসান নওয়াজ, মাজ সাদাকাত, কুশল পেরেরা, ক্রিস গ্রিন, আন্দ্রে ফ্লেচার ও হুনাইন শাহ।

অন্যদিকে তানজিম হাসান সাকিব, জাকের আলী অনিক ও মেহেদী হাসান মিরাজকে রাখা হয়েছে ১০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ লাখ ৩০ হাজার টাকা। এই তালিকায় তাদের সঙ্গে রয়েছেন উইল স্মিড, লরকান টাকার, আসা ট্রাইব, শায়ান জাহাঙ্গীর, রিজা হেনড্রিকস, ইশ সোধি, জর্জ মানসি, ম্যাথিউ পটস ও বাস ডি লিড।

বাংলাদেশের আরেক তারকা পেসার মোস্তফিজুর রহমানকে নিলামে উঠতে হচ্ছে না। প্রি-সাইনিং প্রক্রিয়ার মাধ্যমে আগেই দল নিশ্চিত করেছেন বাঁহাতি এই পেসার। আসন্ন মৌসুমে তিনি খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।

নিলামের জন্য মোট ২৩ দেশের ২০০ বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের পাশাপাশি কুয়েত ও সৌদি আরবের খেলোয়াড়রাও এবার নিলামের পুলে জায়গা পেয়েছেন। ভারত থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন মুরুগান অশ্বিন। পাকিস্তান থেকে নিলামে রয়েছেন ১৭ জন ক্রিকেটার। তাদের মধ্যে সাইম আইয়ুব ও খুশদিল শাহও আছেন।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিলাম শুরু করবে ১৩ লাখ মার্কিন ডলার নিয়ে। এর বাইরে প্রি-সাইনিংয়ের জন্য প্রতিটি দলের জন্য বরাদ্দ ছিল আরও ৭ লাখ মার্কিন ডলার।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত