হরমুজে তেলবাহী দুই জাহাজে হামলা, তীব্র হচ্ছে ইরান যুদ্ধ

| আপডেট :  ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৫  | প্রকাশিত :  ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৫

হরমুজ প্রণালিতে তেলবাহী দুই জাহাজে ‘অজ্ঞাত নিক্ষেপযোগ্য বস্তু’ বা প্রজেক্টাইল আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা।

শনিবার (৩ অক্টোবর) সংস্থাটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা জানিয়েছে, হরমুজ প্রণালিতে দুটি পৃথক ঘটনায় তেলবাহী জাহাজ লক্ষ্য করে প্রজেক্টাইল ছোড়া হয়। তবে হামলার ঘটনায় জাহাজ দুটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না,তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এদিকে ইরান যুদ্ধকে ঘিরে ইয়েমেনেও সংঘাত আরও তীব্র হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় হুতিদের অবস্থান ও সামরিক সক্ষমতা লক্ষ্য করে ৪৭৪টি হামলা চালানো হয়েছে। এসব হামলায় ১ হাজার ৫৪০ হুতি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনি বাহিনী। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, দক্ষিণ সৌদি আরবের দিকে হুতিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

গাজা উপত্যকাতেও হামলা অব্যাহত রয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম গাজা সিটির একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী। আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে আল-শিফা হাসপাতালের চিকিৎসাকর্মীরা জানিয়েছেন।

এদিকে অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় চলতি বছরে অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের বিশেষ কমিশন জানিয়েছে। ২ অক্টোবর পর্যন্ত এই সংখ্যা ৩০-এ পৌঁছেছে, যা ২০২২ সালের পর যেকোনো পূর্ণ বছরের তুলনায় বেশি।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে সেখানে তেলবাহী জাহাজে হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়েও নতুন উদ্বেগ তৈরি করতে পারে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত