দুমকিতে মৃতের বাড়িতে বিনামূল্যে লাইটিংয়ের ব্যবস্থা করবে ছাত্রদল

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার ২নং লেবুখালী ইউনিয়নে একটি মানবিক উদ্যোগ নিয়েছে ইউনিয়ন ছাত্রদল। এলাকায় কোনো ব্যক্তি মারা গেলে তার বাড়িতে বিনামূল্যে লাইটিংয়ের ব্যবস্থা করে দেবে তারা।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে লেবুখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আল-মামুন চৌকিদার ও সাধারণ সম্পাদক মো. আকন মাহমুদ মিরাজ এই উদ্যোগের ঘোষণা দেন।
ইউনিয়ন ছাত্রদল নেতৃবৃন্দ জানান, গ্রামাঞ্চলে অনেক দরিদ্র পরিবার রয়েছে যারা আপনজন হারানোর শোকের মধ্যেও রাতের বেলা বাড়িতে আলোর ব্যবস্থা করতে হিমশিম খায়। অনেক সময় জানাজা বা দাফনের কাজেও অন্ধকারে ভোগান্তি পোহাতে হয়। এই মানবিক দিক বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও জানান, লেবুখালী ইউনিয়নের যেকোনো ওয়ার্ডে কেউ মারা গেলে পরিবারের পক্ষ থেকে তাদের জানানো হলে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিনামূল্যে লাইট ও মাইকের ব্যবস্থা করে দেওয়া হবে।
এ বিষয়ে লেবুখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আল-মামুন চৌকিদার বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই। রাজনীতি মানেই মানুষের সেবা। মৃত্যু একটি বেদনাদায়ক ঘটনা, সেই সময়টাতে একটি পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমরা এই ছোট উদ্যোগটি হাতে নিয়েছি।”
সাধারণ সম্পাদক মো. আকন মাহমুদ মিরাজ বলেন, “আমরা চাঁদাবাজি বা দখলদারিত্বের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই মানবিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
তাদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকার সাধারণ মানুষ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
