মালয়েশিয়ায় কর্মী পাঠাতে কার্যক্রম শুরু বোয়েসেল

দীর্ঘ বিরতির পর খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। এসেছে দৃশ্যমান অগ্রগতিও। সরকারি পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর কার্যক্রমও শুরু করেছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল। প্রাথমিকভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জনের নিয়োগপ্রক্রিয়াও শুরু করেছে প্রতিষ্ঠানটি।
পাশাপাশি মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন এবং কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের আনুষ্ঠানিক চাহিদাপত্র হাতে পেয়েছে বোয়েসেল। যা নিয়ে মালয়েশিয়াগামীদের মাঝেও রয়েছে ব্যাপক আগ্রহ।
এ বিষয়ে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কয়েকজন বলেন, ‘একটি নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। আমরা নতুন করে আবেদন করার সুযোগ পেলে আগামীতে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া যেতে চাই। আগের নিয়োগপ্রক্রিয়ায় আমরা অংশ নিতে পারিনি এবং আবেদনও করতে পারিনি। তাই সামনে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আবেদন করার ইচ্ছা আছে। বোয়েসেলের মাধ্যমে বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। যেমন, বিনা খরচে বা খুব কম খরচে যাওয়ার সুযোগ পাওয়া যায়। ফলে যাতায়াতের জন্য একবারে খুব বেশি টাকা খরচ করতে হয় না বললেই চলে। এ ছাড়া সরকারি যোগাযোগের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যায়। সব ধরনের সুযোগ-সুবিধাই বোয়েসেলের মাধ্যমে পাওয়া সম্ভব।’
সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখতে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
তিনি বলেন, ‘আজ পর্যন্ত আমরা ৫৫৮ জনের চাহিদাপত্র পেয়েছি। এর মধ্যে ১১২ জনের প্রক্রিয়া শুরু করে দিয়েছি। পর্যায়ক্রমে আরও কয়েকটি কোম্পানির কাজ আগামী কয়েক দিনের মধ্যে শুরু করব। এ ছাড়া আরও অনেক চাহিদাপত্র প্রক্রিয়াধীন রয়েছে। তবে সেগুলো আমাদের সার্ভারে না আসা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো সম্ভব নয়। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস যখন এসব চাহিদাপত্র সত্যায়ন করে আমাদের জানাবে যে কতগুলো চাহিদাপত্র পাওয়া গেছে এবং কতগুলো সত্যায়িত হয়েছে, তখনই আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাতে পারব।’ব্যাংকিং সেবা
বিশেষজ্ঞরা বলছেন, সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের পাশাপাশি বেসরকারি এজেন্সিগুলোকেও দ্রুত মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া দৃশ্যমান করতে হবে।
তবে সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী বলেন, ‘বোয়েসেল অতীতে খুব ভালো অবদান রাখতে পারেনি। খুব অল্পসংখ্যক মানুষই বোয়েসেলের মাধ্যমে বিদেশে গেছেন। যদিও তারা একটি নির্ধারিত খরচের মধ্য দিয়ে তুলনামূলকভাবে কম ব্যয়ে বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছেন, তবে মোট অভিবাসনের ক্ষেত্রে বোয়েসেলের অবদান মাত্র ৪ থেকে ৫ শতাংশের বেশি নয়। মনে রাখতে হবে, বোয়েসেলের মাধ্যমে বিদেশ যাওয়ার খরচ এবং বেসরকারি খাতের মাধ্যমে যাওয়ার খরচ এক হবে না। এ ক্ষেত্রে একটি যুক্তিসংগত খরচ নির্ধারণ করে দিতে হবে। বোয়েসেলও একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে যে, তারা কীভাবে এই প্রক্রিয়া পরিচালনা করবে।’
সরকারি পর্যায় থেকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ার শ্রমিক নিয়োগের কার্যক্রমে যেন কোনো মধ্যস্বত্বভোগী বা দালাল চক্র ঢুকতে না পারে, সে বিষয়ে সরকারকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান খাতসংশ্লিষ্টদের।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
