পানির আধুনিক শোধনাগার পেল যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হল

| আপডেট :  ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬  | প্রকাশিত :  ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬

আল আমিন, যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হলে আবাসিক শিক্ষার্থীদের জন্য আধুনিক পানি শোধনাগার উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে ‘অন্তঃহল ক্রীড়া সপ্তাহ ২০২৬’-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

রোববার (২২ নভেম্বর) হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। এ সময় হলের সহকারী প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক ও আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, নতুন পানি শোধনাগারটি আগামী তিন থেকে ছয় মাস পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষণ করা হবে। এর কার্যকারিতা ও সেবার মান সন্তোষজনক হলে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের অন্য আবাসিক হলগুলোতেও এ ব্যবস্থা চালু করা হবে। তিনি আরও জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে হলে উচ্চগতির ওয়াইফাই সংযোগ স্থাপনের চুক্তিও সম্পন্ন হয়েছে।

হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুর রউফ সরকার জানান, বর্তমানে হলে ১ হাজার ১০০-এর বেশি শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা রয়েছে। হলের শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কাজ করছেন।

নতুন পানি শোধনাগারটিতে আধুনিক ফিল্টারেশন ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা রয়েছে। ৫ হাজার লিটার ধারণক্ষমতার ট্যাংকে পরিশোধিত পানি সংরক্ষণ করে হলের বিভিন্ন তলায় সরবরাহ করা হবে। আয়রন, ময়লা ও জীবাণু দূর করতে একাধিক ধাপে পানি পরিশোধনের ব্যবস্থা রাখা হয়েছে।

অনুষ্ঠান শেষে উপাচার্য ও অতিথিরা ফিতা কেটে পানি শোধনাগারটির উদ্বোধন করেন এবং অন্তঃহল ক্রীড়া সপ্তাহের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে নৈশভোজের আয়োজন করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত