প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের আশ্বাস

| আপডেট :  ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩  | প্রকাশিত :  ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) মানবাধিকার কর্মী ইবনু আহমেদের নেতৃত্বে দেওয়া এ স্মারকলিপিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ভোটকেন্দ্রে প্রবেশগম্যতা, নিরাপত্তা ও ভোট প্রদানের জন্য প্রতিবন্ধীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সংকটকালীন পরিস্থিতিতে প্রতিবন্ধী শিক্ষার্থীরা যেন নিরাপদে ভোটকেন্দ্র থেকে বেরিয়ে আসতে পারে, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া আটটি ভিন্ন ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে জোর দিয়ে বলা হয়েছে। একইসঙ্গে ভোট প্রদানের জন্য তাদের পর্যাপ্ত সময় দেওয়ার অনুরোধও জানানো হয়েছে।

এ দাবিগুলোর প্রেক্ষিতে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে যে, প্রতিটি যৌক্তিক দাবি বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে। মানবাধিকারের আলোকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে কমিশন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত