দুমকিতে গাঁজা সেবনের দায়ে বৃদ্ধের কারাদণ্ড

| আপডেট :  ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩  | প্রকাশিত :  ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩

সাকিব হোসেন, পটুয়াখালী জেলা: পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাংগাশিয়া গ্রামে গাঁজা সেবনের দায়ে মো. মিজানুর রহমান (৬০) নামের এক বৃদ্ধকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

পরে তাঁকে দুমকি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজার মো. ইজাজুল হক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দন্ডাদেশ প্রদান করেন।

এ অভিযানে প্রোসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর উপপরিদর্শক এস.এম. শাহীন পারভেজ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত