ক্ষমতায় গিয়ে আবারও লুটপাট হলে জনগণ তা মেনে নেবে না’: ফয়জুল করিম

| আপডেট :  ০১ অক্টোবর ২০২৫, ১০:০১  | প্রকাশিত :  ০১ অক্টোবর ২০২৫, ১০:০১

সাকিব হোসেন, পটুয়াখালী জেলা: ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দেশে চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ ও দুর্নীতি মহামারির আকার ধারণ করেছে। চাঁদা দিতে অস্বীকার করায় নিরপরাধ মানুষ খুন হচ্ছে, এমনকি সাংবাদিকদের ওপরও হামলা হচ্ছে।

​বুধবার (১ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর ঝাউবন কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে ইসলামী আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​মুফতি ফয়জুল করিম বলেন, দেশের সাধারণ মানুষ একটি পরিবর্তনের জন্য আন্দোলন করেছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে যদি সেই পুরোনো লুটপাট, জুলুমবাজি, ধর্ষণ ও ব্যভিচার চলতে থাকে, তাহলে দেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না।

​তিনি একটি দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ উপহার দিতে চাই যেখানে বৈষম্য দূর হবে, গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে। কেউ খোলা আকাশের নিচে ঘুমাবে না, চিকিৎসার অভাবে মরবে না এবং দেশের টাকা বিদেশে পাচার হবে না।

​তিনি আরও যোগ করেন, এমন একটি সমাজে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে শান্তিতে বসবাস করবে। এই পরিবর্তন আনতে শুধু নেতা পরিবর্তন যথেষ্ট নয়, বরং নীতির পরিবর্তন প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

​গণসমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম এবং পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মুহাম্মাদ হাবিবুর রহমান হাওলাদার প্রমুখ

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত