ডাকাতির প্রস্তুতিকালে কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৩ ডাকাত গ্রেপ্তার

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) এস. এম. এনামুল হকসহ একটি চৌকস টিম গত ২৪ ডিসেম্বর রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো— মুন্না ওরফে রগ কাটা মুন্না (৩২), আল আমিন (৩০) এবং আলাল (২০)। এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি সুইচ গিয়ার চাকু ও একটি কেচি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মুন্না ওরফে রগ কাটা মুন্নার বিরুদ্ধে ঢাকা ও ঢাকার আশপাশের বিভিন্ন থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে কোতয়ালী থানা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও পল্টন থানায় দায়ের করা মোট আটটি মামলা পাওয়া গেছে।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে বলে জানানো হয়।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং-৫৫ (তারিখ ২৫ ডিসেম্বর ২০২৫) ধারা ৩৯৯/৪০২ পেনাল কোডে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা জেলা ডিবির এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
