কেরানীগঞ্জে জমি দখল নিয়ে উত্তেজনা

কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের গদাবাগ মৌজায় ৪ শতাংশ জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে জমিটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অভিযোগ অনুযায়ী, উত্তম চন্দ্র সরকার ও তার সহযোগীরা বিভিন্ন সময়ে স্থানীয় প্রভাবশালী পরিচয় ব্যবহার করে জমি দখলের চেষ্টা করেন। জমির মালিক শাহনাজ বেগমের জমি সরাসরি দখল করতে ব্যর্থ হয়ে সেখানে মসজিদ নির্মাণের সাইনবোর্ড টাঙিয়ে ধর্মীয় আবেগকে ব্যবহার করে নতুন করে দখলের পাঁয়তারা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, ইট-বালু ব্যবসায়ী খোরশেদ আলমের নেতৃত্বে বর্তমানে জমিতে মাটি ভরাটের কাজ চলছে। কয়েক মাস আগে সেখানে থাকা গাছ কেটে দখলের প্রাথমিক ধাপ সম্পন্ন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
ঘটনায় রাজনৈতিক মাত্রা যুক্ত হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। তাদের অভিযোগ, খোরশেদ আলম নিজেকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন। এমনকি বিএনপির নেতাকর্মীদের নাম ব্যবহার করে প্রশাসন ও এলাকাবাসীর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
এদিকে থানায় অভিযোগ দায়েরের পর সামাজিকভাবে মীমাংসার কথা বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জমির মালিকপক্ষ। পরবর্তীতে ভুক্তভোগীদের ডেকে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগও রয়েছে।
সাম্প্রতিক সময়ে জমিতে পুনরায় মাটি ভরাটের খবর পেয়ে ভুক্তভোগী আবু বকর সিদ্দিক কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে তিনি ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনার আশঙ্কার কথা উল্লেখ করেছেন।
সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধার মুখে পড়তে হয়েছে বলে জানা গেছে। এর আগে কয়েক দফা সালিশ বৈঠকেও উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারগুলো সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলের মতে, ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে জমি দখলের অভিযোগ অত্যন্ত গুরুতর। এতে সামাজিক অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
