আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে দুর্নীতি, ৩ ডিলার বাতিল, তবুও থামছে না কারবার

| আপডেট :  ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪২  | প্রকাশিত :  ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪২

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া) : উপজেলা খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি ও বিতরণে দুর্নীতির অভিযোগে তিন দফায় তিনজন ডিলারের ডিলারী বাতিল করা হয়েছে। এরপরও অন্য ডিলারদের হুস ফিরছে না। অসাধু ডিলাররা অধিকাংশ ভোক্তাদের নিকট চালের পরিবর্তে নগদ টাকা দিয়ে বিদায় করে দেয়।

পরে সেই চালগুলো চোরাচালানের মাধ্যমে ফড়িয়া ব্যবসায়ীদের নিকট চড়া দামে বিক্রি করে। এমনভাবে সরকারি প্রকল্পের চাল চোরাকারবারি করার সময় গত আগস্ট মাসে উপজেলা সদরের ব্রিজমোড় এলাকার ডিলার সাহিদা বেগম নামের ডিলারের ছয় হাজার কেজি চাল আটক করে উপজেলা ভ্রাম্যমাণ আদালত। এরপরের মাস সেপ্টেম্বরে সরকারি এই প্রকল্পের চাল পাচারের জন্য ডিলার পয়েন্ট উপজেলার স্টেশন বাজার থেকে দুই কিলোমিটার দূরে একটি ঘরে একশত ১৫ বস্তা চাল মজুত করে ডিলার আব্দুস সাত্তার সরকার। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এবং ওই পরিমাণ চাল আটক করে। পরে দুই ডিলারের আটক করা চালগুলো নিলামে বিক্রি এবং নিলাম ডাকে পাওয়া টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এরপর উপজেলা খাদ্য বান্ধব কমিটি ওই দুই ডিলারের ডিলারী বাতিল করার সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য খাদ্য অধিদপ্তরে পাঠায়। এরপর গত মার্চ মাসে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পূর্বপাড়া রোড় পয়েন্টের ডিলার মাসুদ রানার দোকানে ২৫ বস্তা চালের মজুত কম থাকার অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম অভিযান পরিচালনা করেন এবং সত্যতা পাওয়ার কারণে এই ডিলারের ডিলার বাতিল করার সিদ্ধান্তটি চূড়ান্ত করণের জন্য খাদ্য অধিদপ্তরে পাঠিয়েছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব আবুল বাশার খন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, প্রথমে বাতিল করা দুই ডিলারের ডিলারী বাতিল হবার কারণে পরবর্তী মাসের চাল সংশ্লিষ্ট দুই ডিলারের অধীনে থাকা কয়েক শত দরিদ্র কার্ডধারীর মাঝে চাল বিক্রি ও বিতরণ না করার মাধ্যমে বঞ্চিত করা বিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাশার খন্দকার বলেন, নীতিমালা মোতাবেক পার্শ্ববর্তী ডিলার সংশ্লিষ্ট পয়েন্ট থেকে চাল বিক্রি ও বিতরণ করতে রাজি না হওয়ায় উপজেলা খাদ্য বান্ধব কর্মসূচি কমিটির সিদ্ধান্তক্রমে চাল বিক্রি ও বিতরণ করা যায়নি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত