দুমকিতে পিকআপ চাপায় অবসরপ্রাপ্ত ব্যাংকার নি/হ/ত

| আপডেট :  ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৮  | প্রকাশিত :  ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৮

পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কে দ্রুতগতির একটি মালবাহী পিকআপের চাপায় মো. হারুন অর রশীদ খান (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মজিবুর রহমান (৪০) নামে এক গার্মেন্টসকর্মী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে দুমকি উপজেলা কমপ্লেক্স সংলগ্ন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হারুন অর রশীদ খান সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ তাকে চাপা দেয়। পথচারীকে চাপা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হারুন অর রশীদের মৃত্যু হয়।

নিহত হারুন অর রশীদ খান একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার। তিনি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের বাসিন্দা ছিলেন। আহত মজিবুর রহমান পেশায় একজন গার্মেন্টসকর্মী। তিনি ঢাকা থেকে মালামাল নিয়ে বাউফল উপজেলার নওয়ালা গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত মজিবুর রহমানকে উদ্ধার করে দ্রুত দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে দুর্ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক পিকআপটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি আরো জানান, পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত