সান্তাহারে মোবাইলন ফোনে ডেকে নিয়ে ধারালো অস্ত্রের কোপ, হাসপাতালে ভর্তি কলেজ ছাত্র

| আপডেট :  ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৭  | প্রকাশিত :  ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৭

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরে মোবাইল ফোনে ডেকে নিয়ে কলেজ ছাত্র সুলতান মাহমুদ মিজান (১৮) নামের এক কলেজ ছাত্রকে ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত করা হয়েছে। মিজান সান্তাহার সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং শহরের রথবাড়ি মহল্লার সেজান মাহমুদ জনির ছেলে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার সান্তাহার শহরের কালীমন্দির এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় গুরুত্বর আহত মিজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এঘটনায় মিজানের বাবা বাদী হয়ে ওইদিন রাতে জোবায়ের ও জয়সহ ১৪ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে , সুলতান মাহমুদ মিজানের সঙ্গে জোবায়ের ও জয়সহ কয়েকজনের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল। এমতবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষ জোবায়ের মিজানকে মোবাইল ফোনে ওই স্থানে আসতে বলে। তিনি দুই সহপাঠীকে সঙ্গে নিয়ে কালিমন্দিরের সামনে পৌঁছা মাত্রই পূর্ব পরিকল্পনা অনুযায়ী দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে মিজানকে হত্যার উদ্দেশ্যে গলায় ধারালো কোপ দেওয়ার সময় তিনি বাম হাত দিয়ে বাধা দিতে গেলে তার হাত কেটে গিয়ে রক্তক্ষরণ শুরু হয়। এ সময় মিজানের দুই সহপাঠীও কম বেশি আহত হয়। হামলা ও মারপিটের সময় মিজানের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী মিজানের বাবা বাদী হয়ে আদমদীঘি থানায় জোবায়ের ও জয়সহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। শীঘ্র ই আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত