বৈভবের শতরানেও হার

দিল্লি থেকে জয়পুরে দেখা গেল শুধুই ছক্কা বৃষ্টি। শনিবারটা ছিল আইপিএলে ব্যাটসম্যানদের দিন। দিল্লিতে যদি ভয়ঙ্কর হয়ে ওঠেন কে এল রাহুল, শ্রেয়স আয়াররা, তবে জয়পুরে বিধ্বংসী হয়ে উঠল সেই বৈভব সূর্যবংশী। বৈভবের দাপটে রাজস্থান রয়্যালস তুলে দেয় ২২৮-৬। সেই রান পাঁচ উইকেট হারিয়ে তুলে দেয় সানরাইজ়ার্স হায়দরাবাদ।
এ দিন আইপিএলে নিজের দ্বিতীয় শতরান করল বৈভব। এ বারের আইপিএলে নিজের প্রথম শতরান। এই বিস্ময় কিশোরের শতরান এল ৩৬ বলে। ইনিংসের শুরুটাও এ দিন ছয় মেরে করেছিল বৈভব (৩৭ বলে ১০৩)। শতরানটাও করল ছয় মেরে। বৈভবের বিধ্বংসী ইনিংসে ছিল পাঁচটা চার, বারোটা ছয়। আইপিএলের ইতিহাসে এটি তৃতীয় দ্রুততম শতরান। আগের ম্যাচে হায়দরাবাদের প্রফুল্ল হিঙ্গে প্রথম ওভারেই তিন উইকেট নিয়ে ধাক্কা দেন রাজস্থানকে। এই ম্যাচে প্রফুল্লর প্রথম ওভারেই পরপর চারটে ছয় মারে বৈভব। এই ইনিংসের ফলে এখন কমলা টুপির মালিক হয়ে গিয়েছে বৈভব। আট ইনিংসে তার রান দাঁড়াল ৩৫৭।
তবে বৈভবকে নিয়ে হঠাৎ উদ্বেগের সৃষ্টি হয়েছে রাজস্থান শিবিরে। ফিল্ডিং করার সময় বলকে তাড়া করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পায় বৈভব। শেষ পর্যন্ত সাপোর্ট স্টাফের সাহায্যে মাঠ ছাড়ে বৈভব। সত্যিই যদি হ্যামস্ট্রিংয়ের চোট হয়, তা হলে কিন্তু কয়েকটা ম্যাচের জন্য ছিটকে যেতে হতে পারে বৈভবকে। যা বিশাল ধাক্কা হবে রাজস্থানের জন্য।
রান তাড়া করতে নেমে ঝড়ের গতিতে শুরু করে হায়দরাবাদ। প্রথম ওভারে জফ্রা আর্চারের বলে ট্র্যাভিস হেড ফিরে গেলেও অভিষেক শর্মা (২৯ বলে ৫৭) এবং ঈশান কিষন (৩১ বলে ৭৪) পাল্টা আক্রমণ করে যান। যার ফলে আস্কিং রেট কখনওই হাতের বাইরে যায়নি। এক ওভার তিন বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় হায়দরাবাদ। ইনিংসের মাঝে বৈভবকে জিজ্ঞেস করা হয়, প্রথম বলেই ছয় মারবে এই ব্যাপারটা কি ঠিক করে নামো? বৈভবের জবাব, ‘‘সে রকম কিছু নয়। আমি আর যশস্বী ভাই ইনিংস শুরুর আগে কথা বলে নিই। ও বলেছিল, শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে। প্রথম বলটা মারার পেলে মারতে। আমি সে ভাবেই খেলেছি।’’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
