সান্তাহারে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন ও বিক্ষোভ

| আপডেট :  ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৫  | প্রকাশিত :  ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৫

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): আদমদীঘি উপজেলার সান্তাহারে অবস্থিত বিদুৎ বিক্রয় ও বিতরণের প্রতিষ্ঠান নেসকো (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি) থেকে গ্রাহক পর্যায়ে আগ্রাশী ও গণবিরোধী প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম শুরু করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সান্তাহার পৌরসভা ও ইউনিয়ন এলাকার হাজারো বিক্ষুব্ধ নারী পুরুষ বিদ্যুৎ গ্রাহক।

২৮ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার সান্তাহার পৌরসভা ও রেলওয়ে জংশন শহরের রেলওয়ে লেভেল ক্রসিংয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোব কর্মসুচির আয়োজন করা হয়। প্রি-পেইড মিটার স্থাপন প্রতিরোধ কমিটির আহবায়ক সান্তাহার পৌরসভা বিএনপি ও যুবদল নেতা যথাক্রমে মোঃ ইকবাল হোসেন ও ওয়াহেদুল ইসলাম ওয়াহেদের আহবানে ও এলাকাবাসীর ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়। এতে বিদ্যুৎ গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো জনতা অংশগ্রহণ করেন।

বিএনপি সান্তাহার পৌরসভা কমিটির নেতা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও বিএনপি নেতা ফেরদৌস হোসেনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুবদলের সান্তাহার পৌরসভা কমিটির আহবায়ক পৌরসভার সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপন, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, হাফেজ মোমিন প্রমুখ।

বক্তারা বলেন, গণবিরোধী প্রি-পেইড মিটারের বেনিফিশিয়ারি হচ্ছে পতিত হয়ে যাওয়া অবৈধ নির্বাচনের ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। আর বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার। এই সরকারের আমলে সেই স্বৈরাচারী সরকারের গনবিরোধী প্রি-পেইড মিটার আমরা চাই না। ইতিমধ্যে কুচক্রী মহলের মদদে জলহস্তীর মত এই মিটার স্থাপন করার মাধ্যমে আগ্রাসন শুরু করছে নেসকো। ফের এই মিটার স্থাপন করতে গেলে নেসকোর লোকজনকে বেধে রেখে প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দকে ফোনে অবহিত করার জন্য গ্রাহকদের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে । পাশাপাশি নেসকোর সান্তাহার দপ্তরের নির্বাহী প্রকৌশলীকে স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলের গনবিরোধী প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ করার আহবান জানানো হয়েছে। গ্রাহকের স্বার্থ বিরোধী কার্যক্রম বন্ধ না করা হলে আরো বৃহত্তর কর্মসুচি গ্রহন ও পালন করা হবে বলে আল্টিমেটাম দেওয়া হয়। মানববন্ধন কর্মসূচি শেষে “গনবিরোধী প্রি-পেইড মিটার চাই না, স্থাপন করতে দিবো না” সহ নানা শ্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত