আদমদীঘিতে চলাচলের রাস্তায় বেড়া, মাসাধীকাল ধরে অবরুদ্ধ প্রবাসী পরিবার

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘি উপজেলার এক পল্লী গ্রামে চাঁদা না দেওয়ায় এক প্রবাসীর পরিবারকে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। থানা পুলিশ ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপেও মেলেনি স্থায়ী সুরাহা। প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে অভিযোগ করা আবু মুসা সাহানা নামের ব্যক্তি। অমানবিক ঘটনাটি চলছে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বিহিগ্রাম পশ্চিম পাড়ায়।
জানা গেছে, একই গোষ্টির একটি পক্ষের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে চাঁপাপুর ইউনিয়ন আওয়ামীলীগের মৃত সাধারণ সম্পাদক উজ্জল হোসেনের ছোট ভাই ছাত্রলীগের সাবেক নেতা রুবেল হোসেন ১৮ মার্চ সকালে ভুক্তভোগী মুসা সাহানার বাড়ির সামনে থাকা চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দেয়। এর ঘটনার প্রতিবাদ করে মুসা সাহানান বেড়া খুলে দিতে বলে। চলাচলের রাস্তায় দেওয়া বেড়া খুলে দেওয়ার জন্য তার কাছে এক লাখ টাকা দাবি করে। দাবি করা টাকা না দিলে তার পায়ের রগ কেটে দেওয়াসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সরেজমিনে আরো জানা গেছে ওই পাড়ার মৃত আফজাল সাহানার দুই ছেলে আবু মুসা এবং ইব্রাহিম সাহানা। আবু মুসা দির্ঘদিন প্রবাসে ছিল। তার ভাই ইব্রাহিম সাহানা এখনো মালয়েশিয়া প্রবাসি। আর্থিক ভাবে প্রতিবেশিদের তুলনায় তারা বেশ সাবলম্বী। আর একারণে লোলুপ দৃষ্টি পড়ে প্রতিপক্ষের। তারা ভুক্তভোগী পরিবারের বসতবাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে তাদের কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে । বেড়া দেওয়া ও হুমকি ধামকি দেওয়ার পর থেকে মুসা সাহানা প্রাণ ভয়ে স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তার ৮৫ বছর বয়সী মা বাড়িতে অনেকটা অবরুদ্ধ হয়ে আছে। পাড়া প্রতিবেশীর কেউ ওই বৃদ্ধাকে খাবার দিতে গেলে তাকেও লাঞ্চিত করা হয়।
মুসা সাহানা সাংবাদিকদের জানান, এঘটনায় ২৪ মার্চ আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। পুলিশ বেড়া খুলে দিয়ে চলে আসার পর তারা ফের বেড়া দেওয়া ছাড়াও নানা হুমকি ধামকি দিতে থাকে। হুমকি ধামকির ভয়ে স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছি। প্রাণভয়ে বাড়িতে থাকতে না পারায় পরিচর্যা করার অভাবে তার পালিত দু’টি গরু বিক্রিতেও বাঁধা দেয় প্রতিপক্ষরা। এমন অবস্থায় মানবেতর জীবনযাপন করছে মুসা সাহানার পরিবার। থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক একাধিকবার সমাধানের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান মেলেনি।
এদিকে, ভুক্তভোগী মুসা সাহানা অভিযোগ করেছে, বিষয়টি মীমাংসার নামে ভুক্তভোগী পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবী করছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে আদমদীঘি থানা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে একাধিকবার সমাধানের চেষ্টা করা হয় কিন্তু উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জন্য উভয় পক্ষের অনুপস্থিতির কারণে কোনো স্থায়ী সমাধান সম্ভব হয়নি। অভিযোগ উঠেছে, ঘটনাটি মীমাংসার কথা বলে বাচ্চু নামে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা আবু মুসার কাছে অর্থ দাবী করেছেন। তিনি অর্থ দিতে অস্বীকৃতি জানালে তার পরিবারকে বর্তমান অবস্থায় রাখা হয়েছে বলে দাবী করেন। রাস্তায় বেড়া দেওয়া বিষয়ে রুবেল হোসেনের চাচা জাহেদুর রহমান সাংবাদিকদের বলেন, এই রাস্তাটি প্রকৃত রাস্তা নয়। তারপরও আমার ভাতিজার সাথে বসার কথা থাকলেও মুসা সাহানা বসে না।
এবিষয়ে মুসা সাহানা বলেন, অভিযোগ দায়েরের পর মিমাংসার জন্য থানায় বসার কথা থাকলেও তারা হাজির হয়নি বরং গভীর রাতে থানার পরিবর্তে অন্যত্র একক ভাবে বসে মিমাংসার কথা বলে। সেখানে জোর জুলুম হবার আশংকা থাকায় রাজি হয়নি।
থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, পুলিশ পাঠিয়ে বাঁশের বেড়া খুলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ফের বেড়া দেওযার এবিষয়ে তিনি অবগত নন। ঘটনা খতিয়ে দেখার জন্য আজই অফিসার পাঠানো হবে। ঘটনা সত্য হলে উপজেলা নির্বাহী অফিসারকে নিয়ে স্থায়ী সমাধান করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
