আদমদীঘির সান্তাহারে বিএনপি নেতাকে ধারালো অস্ত্রাঘাত, হাসপাতালে ভর্তি

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনের লেভেল ক্রসিংয়ে ধারালো অস্ত্রের আঘাতে ইকবাল হোসেন (৬২) নামের এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছে। শনিবার দুপুরে রক্তক্ষয়ী ঘটনাটি ঘটেছে।
সান্তাহার রেলওয়ে লেভেল ক্রসিং অভ্যন্তরে দখলীয় পরিমাণ জায়গা অতিক্রম করে খুঁটি বসানো সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। ধারালো অস্ত্রাঘাতে গুরুতর আহত ইকবাল হোসেন উপজেলার সান্তাহার পৌরসভা বিএনপি সহ সভাপতি ও শহরের
মাইক্রোস্ট্যান্ড মহল্লার মৃত মনসুর আলীর ছেলে। তিনি বর্তমানে সান্তাহার পাশের নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের লেভেল ক্রসিংয়ের ভিতর পুরাতন সিগনাল ভবনের পাশে স্টেশনে যাওযার রাস্তার মুখে ওই ঘটনা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনায় বিএনপি নেতা ইকবাল হোসেনের সঙ্গে একই শহরের হলুদঘর ও রেলওয়ে ইয়ার্ড কলোনী এলাকার বেশ কয়েকজন যুবকের উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে ইকবাল হোসেনকে হত্যার উদ্দেশ্যে তার পেটে দেশীয় ধারালো অস্ত্রের আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অস্ত্রাঘাত করা যুবকরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ইকবাল হোসেনকে উদ্ধার করে সান্তাহার পাশের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর নেতা ও কর্মীরা ঘটনাস্থলে এসে ভীড় জমায়, সাময়িক ভাবে উত্তেজনার সৃষ্টি হয়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। এঘটনায আহত ইকবাল হোসেন মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
