আদমদীঘির সান্তাহারে বিএনপি নেতা ইকবাল হোসেনকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রাঘাতের ঘটনায় মামলা

| আপডেট :  ০৪ মে ২০২৬, ০৫:৫৮  | প্রকাশিত :  ০৪ মে ২০২৬, ০৫:৫৮

 

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): উপজেলার সান্তাহার পৌরসভা ও জংশন শহরের রেলগেটের অভ্যন্তরে রাস্তার মুখে জোর করে দোকান ঘর নির্মানের প্রতিবাদ করা পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেনকে ধারালো অস্ত্রাঘাতে আহত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার রাতে করা মামলার বাদি হয়েছেন আহত ইকবাল হোসেনের ছোট ভাই মোঃ আজিজুল হক রাজা। স্থানীয় ভাবে গরিবের রাজা হিসাবে পরিচিত আজিজুল হকের দায়ের করা এজাহারে রাজু, শুভ ও নিরবসহ ১৩জনের নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাত আরো ২৫জনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, ২মে শনিবার দুপুরে সান্তাহার রেলগেটের ভিতরে পুরাতন সিগনাল ভবনের সামনে দিয়ে স্টেশনে যাওয়ার রাস্তার মুখে অবৈধ ভাবে ও জোর করে দোকান ঘর নির্মান কাজের প্রতিবাদ করে বিএনপি নেতা ইকবাল হোসেন। এসময় দখলবাজ ও দখলবাজের ভাড়াটিয়া, শহরের হলুদ ঘর ও রেলওয়ে ইয়ার্ড কলোনি এলাকার এক দল যুবকের সাথে উত্তপ্ত বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা ইকবাল হোসেনের উপর চড়াও হয়ে মারপিট করার পাশাপাশি তাকে হত্যার উদ্দেশ্যে তার পেটে ধারালো অস্ত্রাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত ইকবাল হোসেনকে উদ্ধার করে সান্তাহার পাশের নওগাঁ সদরের আধুনিক হাসপাতালে ভর্তি করে দেয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার এবিষয়ে যোগাযোগ করা হলে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান সাংবাদিকদের নিকট মামলা দায়ের হবার বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিদের গ্রেপ্তার করতে জোর তৎপরতা শুরু করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত