আদমদীঘিতে প্রধানমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া যুবক আটক, আটকে রাখা হয়েছে হোটেলে

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): কখনো প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট আত্মীয়, কখনো জেলা জজ, কখনো হজ্ব এজেন্সির মালিক আবার কখনো এমবিবিএস ডাক্তার পরিচয় দেওয়া হাফেজ রুহুল আমিন (৩৬) নামের এক কথিত প্রতারক স্থানীয় জনতার হাতে আটক হওয়ার ঘটনা ঘটেছে।
এদিকে, কথিত ওই প্রতারক রুহুল আমিনকে জনতা হাতেনাতে আটক করলেও রহস্যজনক কারনে পুলিশের হাতে সোর্পদ্দ করা হয়নি। তাকে আটকে রাখা হয়েছে উপজেলা সদরের সিয়াম আবাসিক হোটেলের একটি কক্ষে। প্রতারণার শিকার জাকির হোসেন দাবী করেছেন প্রতারক হাফেজ রুহুল আমিন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ একাই ১০ জনের কন্ঠ নকল করে কথা বলতে পারে। হাফেজ রুহুল আমিন সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার গোন্তা গ্রামের হাফিজুল রহমানের ছেলে।
জানা গেছে, হাফেজ রুহল আমিন দীর্ঘ প্রায় ৬ মাস ধরে আদমদীঘি উপজেলা সদরের সিয়াম আবাসিক হোটেলের একটি রুম ভাড়া করে রাত্রি যাপন করে আসছে। এরই মধ্যে পরিচয় হয় আদমদীঘি উপজেলা সদরের পান দোকানী ও শিয়ালশন গ্রামের মৃত রশিদ কাজীর ছেলে জাকির হোসেনের সাথে। হাফেজ রুহুল আমিনের সাথে পান দোকানী জাকিরের সাথে পরিচয় হওয়ার পর থেকে জাকির তাকে জামাই আদরেই আবাসিক হোটেল ও তার দোকানে রাখে। পাশাপাশি রুহুল আমিনের যখন যা প্রয়োজন হয় তাও মেটায় পান দোকানী জাকির হোসেন।
এর মাঝে জাকির হোসেনের পরিবারের সকলের সাথেও ঘনিষ্ঠতা গড়ে উঠে প্রতারক হাফেজ রুহুল আমিনের। সে পান দোকানী জাকিরের দুই ছেলেকে লন্ডন পাঠাবে এবং জাকির ও তার স্ত্রীকে হজ্ব করাবেন বলে বিভিন্ন মুখরোচক প্রতিশ্রুতি দেয়। রুহুল আমিনের প্রতারণার ব্যাপারটা টের পায়নি জাকির হোসেন ও তার পরিবারের সদস্যরা। এর মধ্যে জাকিরের দুই ছেলেকে লন্ডন পাঠানোর কথা ও অন্য কাজের প্রলোভনে বিভিন্ন সময়ে মোট ২ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে হাফেজ রুহুল আমিনকে খাসি জবাই করে খাওয়ানোর দাওয়াত দিয়ে মঙ্গলবার রাতে জাকির হোসেন তার বাড়িতে নিয়ে যায়। ভুঁড়িভোজ শেষে করা গল্পের এক পর্যায়ে অভিনব কায়দায় বেরিয়ে আসে রুহুল আমিনের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য। তার প্রতারণার কথা গ্রামে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রামবাসী রুহুল আমিনকে উত্তম মধ্যম দিয়ে থানা পুলিশকে মোবাইল ফোনে অবহিত করে। কিন্তু থানা পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করেননি বলে দাবী করেছেন প্রতারনার শিকার জাকির হোসেন।
এঘটনার খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর সিয়াম হোটেলে গিয়ে রুহুল আমিনের সাথে কথা বললে তিনি অকপটে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতারণার কারণেই আমাকে এই হোটেল কক্ষে আটকে রেখেছে। টাকা পরিশোধ না করা পর্যন্ত হোটেল থেকে বের হতে বারণ করা হয়েছে। মোবাইলে আমার পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে। তারা আসার পর আমি সমস্ত টাকা ফেরত দিব বলে জানান।
এ ব্যাপারে শুক্রবার ভুক্তভোগী পান দোকানী জাকির হোসেনের সাথে এ প্রতিনিধির কথা হলে তিনি জানান, প্রতারক রুহুল আমিনের সাথে আমার পরিচয় হওয়ার পর থেকে সে মাঝে মধ্যে আমার দোকানে এসে বসে আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতো। আর প্রতারক রুহুল আমিন যখন আতর সুরমা বিক্রির জন্য বাহিরে যেত তখন আমাকে একেক সময় একেক নাম্বার থেকে মোবাইল ফোন দিয়ে কখনো প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্ঠ, আবার কখনো জজ ও বড় ডাক্তার সেজে অভিনব কায়দায় আমার সাথে কথা বলতো। আমি তার প্রতারণা টের পাইনি। এদিকে রহুল আমিন প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার স্বীকার করার পরও রহস্যজনক কারণে তাকে পুলিশে সোর্পদ ও লিখিত অভিযোগ না করে হোটেল সিয়ামে জামাই আদরে অবস্থান করানোর ঘটনায় এলাকার কৌতুহলী জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
অপরদিকে, প্রতারণা সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া বলেন, ঘটনাটি আমার জানা নাই এবং এখনো পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
