আদমদীঘিতে দুই মাস ধরে বেতন পাচ্ছে না ৩ শতাধিক শিক্ষক-কর্মচারী

| আপডেট :  ০৪ জুলাই ২০২৬, ০৫:৩০  | প্রকাশিত :  ০৪ জুলাই ২০২৬, ০৫:৩০

প্রতিনিধি, আদমদীঘি( বগুড়া): উপজেলার ১৪টি এমপিওভুক্ত মাদ্রাসার তিন শতাধিক শিক্ষক-কর্মচারী গত মে ও জুন মাসের বেতন পায়নি।

জানা গেছে, একটানা দুই মাস বেতন-ভাতা না পাওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে অতিকষ্টে জীবন কাটাচ্ছেন। এদিকে, বেতন না পাওয়ার কারণও জানেন না শিক্ষক ও কর্মচারিরা। আবার কবে নাগাদ বকেয়া বেতন দেওয়া হবে সে বিষয়ে সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকে স্পষ্ট কোনো তথ্যও জানানো হয়নি।

শিক্ষকদের অভিযোগ, গত কোরবানির ঈদের বোনাসও তারা ঈদের আগে তুলতে পারেননি। ঈদ উৎসবের দীর্ঘ ছুটির পর পেয়েছেন বোনাসের টাকা।

উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার ইসলামিয়া দাখিল মাদ্রাসার মৌলভী শিক্ষক মজিবুর রহমান বলেন, আমরা মাদ্রাসা থেকে এক টাকাও বেতন পাই না। সেকারণে সরকারি টাকার দিকে তাকিয়ে থাকতে হয়। মাদ্রাসার এবতেদায়ী (প্রাথমিক স্তর) শাখার শিক্ষকদের বেতন সর্বোচ্চ ১৩ থেকে ১৪ হাজার টাকা। এই সামান্য টাকা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। আবার সেই সামান্য বেতনও মেলেনি দুই মাস ধরে। ফলে বেশির ভাগ শিক্ষক কর্মচারিরা ধারদেনা করে সংসার চালাতে বাধ্য হচ্ছেন।

এ বিষয়ে আদমদীঘি উপজেলা একাডেমিক সুপারভাইজার জাহিদুর রহমান জানান, বেতন না পাওয়ার কারণ তিনি জানেন না। তবে শিক্ষকদের বেতন না পাওয়ার বিষয়টি দুঃখজনক।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে, আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দাখিল, আলিম ও ফাযিল পর্যায়ের মোট ১৪টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় তিন শতাধিক শিক্ষক ও কর্মচারী কর্মরত। অধিকাংশ মাদ্রাসা থেকে শিক্ষক-কর্মচারীরা প্রতিষ্ঠানিক কোনো বেতন-ভাতা পায় না। ফলে সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া বেতনের ওপরই তাদের নির্ভর করতে হয়। টানা দুই মাস বেতন না পাওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে অধিকাংশ শিক্ষক তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতন ভাবে জীবন কাটাচ্ছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত