মুন্সিগঞ্জে সরকারি সড়ক দখলের অভিযোগ, দেয়াল অপসারণের দাবি এলাকাবাসীর

| আপডেট :  ১৭ জুলাই ২০২৬, ০৪:৪০  | প্রকাশিত :  ১৭ জুলাই ২০২৬, ০৪:৪০

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর গ্রামে সরকারি সড়ক দখল করে পাকা দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। সড়কটি দখলমুক্ত করে দেয়াল অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।

আবেদনে বলা হয়েছে, কালিনগর গ্রামের মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা থেকে কালিনগর কবরস্থান পর্যন্ত সরকারি সড়কের পাশে আক্তার হোসেন ও শাহ আলম পাকা দেয়াল নির্মাণ করেছেন। এতে সড়কের প্রস্থ কমে গিয়ে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, বিষয়টি নিয়ে এর আগে ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আল আমিনের সভাপতিত্বে একটি সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে অভিযুক্তরা রাস্তার জন্য প্রয়োজনীয় জায়গা ছেড়ে দেওয়ার আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।

ইউপি সদস্য মো. আল আমিন বলেন, সরকারি সড়কটির নির্ধারিত প্রস্থ ১২ ফুট। তবে দেয়াল নির্মাণের কারণে একটি অংশে সড়কটি প্রায় ৮ ফুটে নেমে এসেছে। এতে এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

অভিযোগের বিষয়ে আক্তার হোসেন বলেন, আমি আমার নিজের জমির মধ্যেই দেয়াল নির্মাণ করেছি। পাশের জমির মালিক রাস্তার জন্য জায়গা না ছাড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের নির্দেশনা পেলে রাস্তার জন্য প্রয়োজনীয় জায়গা ছেড়ে দেব।

শাহ আলম বলেন, আমার জমির দলিলপত্র অনুযায়ী রাস্তার জন্য জায়গা রেখে দেয়াল নির্মাণ করছিলাম। কিন্তু সালিশ বৈঠকে জনস্বার্থ বিবেচনায় রাস্তার জন্য আরও দুই ফুট জায়গা ছেড়ে দিতে বললে আমি রাজি হই। একই সঙ্গে পাশের জমির মালিককেও দুই ফুট জায়গা ছেড়ে দিতে বলা হয়। কিন্তু তিনি প্রতিশ্রুতি অনুযায়ী জায়গা না দেওয়ায় সিদ্ধান্তটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য লোক পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত