পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

পবিপ্রবি ও দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. নুরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ড.আমিনুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় জীবনের নতুন যাত্রায় শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনের উপস্থিতিতে টিএসসি কনফারেন্স কক্ষ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
শুরুতে পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাসুদুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, আবাসন, গ্রন্থাগার, ল্যাবরেটরি, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা তুলে ধরে একটি পরিচিতিমূলক মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন। এতে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, তন্ময়, নবাগত শিক্ষার্থী সুবর্ণা নুরজাহান জিনিয়া, আখলাক আলম, শেখ আরিফুল ইসলাম ও জান্নাতুল আফসোরা।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য হিসেবে আন্তরিকভাবে বরণ করে নেন। প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে আয়োজিত এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হয়।অনুষ্ঠান শেষে “একজন শিক্ষার্থী একটি গাছ,একটি সবুজ ভবিষ্যত”। বৃক্ষরোপণ কর্মসূচির এ শ্লোগানে প্রত্যেক অভিভাবকদের কাছে ১ টি করে গাছের চারা বিতরণ করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
