আদমদীঘিতে কাঁচা মরিচে ট্রিপল সেঞ্চুরি, দ্বিগুণ মূল্যে সব ধরনের সবজিতে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: কাঁচা মরিচের বড় মোকাম আদমদীঘিতে কাঁচা মরিচের খুচরা মূল্য ট্রিপল সেঞ্চুরি করে ফেলেছে। কাঁচা মরিচের পাশাপাশি, সবজি উৎপাদনের এলাকা হিসাবে বিখ্যাত আদমদীঘি উপজেলায় দুই সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ বা তারও বেশি গুণ মূল্যে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বেশি মূল্যের কারণে সব শ্রেণির ভোক্তারা সবজি কিনতে এসে হিমশিম খাচ্ছে, বিরাজ করছে নাভিশ্বাস অবস্থা।
খোঁজ নিয়ে জানা যায়, দুই সপ্তাহ আগে পটলের কেজি ছিল মাত্র ১৫ টাকা, এখন সেই পটল ৪ গুণ দাম বৃদ্ধি পেয়ে ৬০ কেজিতে বিক্রি হচ্ছে, ৬০/৮০ টাকা কেজির স্থলে বেগুন বিক্রি হচ্ছে ১৪০ টাকা, কাঁচামরিচ ৫০/৬০ টাকা কেজির স্থলে প্রকারভেদে ২৯০ থেকে ৩১০ টাকা, আদা ১০০ টাকার স্থলে ১৬০ টাকা, পেঁয়াজ ৩০ টাকার স্থলে ৫০ টাকা, ঢেড়স ৪০ টাকার স্থলে ৮০ টাকা, করলা ৪০ টাকার স্থলে ১২০ টাকা, মূলা ৩০ টাকার স্থলে ৬০ টাকা, হিমাগারের টমেটো ১০০ টাকার স্থলে ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা প্রতিটি সবজির উচ্চ মূল্যের কারণে কেজির পরিবর্তে ‘পোয়া’ হিসাবে দাম চাচ্ছেন ভোক্তাদের কাছে। এতে করে হাট-বাজারে এসে ভোক্তাগন হিমশিম খাচ্ছেন, বাড়তি মূল্য দিতে গিয়ে নাভিশ্বাস অবস্থা তাদের। তবে উচ্চ মূল্য পেয়ে বেজায় খুশি উৎপাদনকারী কৃষকরা। বাজার করতে আসা দরিদ্র সমশের আলী জানান, বিভিন্ন সবজির দাম এতটায় বেড়েছে যে নির্ধারিত টাকায় চাহিদা মতো কোনো সবজিই কেনা সম্ভব হয়নি। শাক ও কচুর, লতি এবং কচুর মোথা কিনে বাজারের ব্যাগ ভর্তি করে নিয়ে গিয়ে বাড়িতে যাওয়া ছাড়া উপায় নেই।
এ বিষয়ে হাট-বাজারের এসব পণ্যের ব্যবসায়ীরা বলেন, বর্ষা মৌসুমজনিত কারণে কাঁচা মরিচ ও সব ধরনের সবজির দাম বেড়েছে এবং প্রতি বছরই এমন অবস্থা হয়ে থাকে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম সাংবাদিকদেন বলেন, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মূল্য বৃদ্ধির মাধ্যমে অবৈধভাবে মুনাফা অর্জন করতে না পারে সে বিষয়ে উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার মনিটরিং করে বাজার দর ঠিক রাখার চেষ্টা অব্যাহত রাখা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
