কেরানীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়ন পরিষদের আরশিনগরের ২ নম্বর গলিতে সাংবাদিক পরিচয়দানকারী সাহাদাত হোসেন স্বপনের বিরুদ্ধে মিথ্যা মামলা, চাঁদাবাজি, হুমকি এবং জমি দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয় ব্যবসায়ী হানিফ অভিযোগ করে বলেন, প্রায় এক বছর আগে সাহাদাত হোসেন স্বপন ওই এলাকায় বাড়ি নির্মাণের পর থেকেই বিভিন্ন ব্যক্তির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। তার দাবি, এ পর্যন্ত অন্তত পাঁচজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।
হানিফের ভাষ্য, স্বপন তার কাছে ৫ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং একপর্যায়ে তাকে মারধরেরও চেষ্টা করেন। একই সঙ্গে তার জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, তার বাড়ির পাশে প্রায় দেড় ফুট জায়গা রয়েছে, যা স্বপন নিজের দাবি করছেন। অভিযোগ অনুযায়ী, স্বপন নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে এলাকায় থাকতে হলে তার কথামতো চলতে হবে, অন্যথায় যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেন।
হানিফের অভিযোগ, নিয়ম অনুযায়ী বাড়ির সামনে যে পরিমাণ রাস্তা রাখার কথা, তা রাখা হয়নি। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “সাংবাদিক জাতির বিবেক। একজন সাংবাদিকের আচরণ যদি এমন হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমরা এর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
তিনি আরও দাবি করেন, থানায় অভিযোগ দিতে গেলে তার স্ত্রীকে লাথি মারা হয় এবং পুলিশ অভিযোগ গ্রহণ করেনি। পরে তিনি আদালতে মামলা দায়ের করেছেন বলে জানান।
তবে অভিযুক্ত সাহাদাত হোসেন স্বপনের বক্তব্য এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
