মেসির অবসরে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরবেন কে

লিওনেল মেসির আনুষ্ঠানিক অবসরের পর ঘিরে আর্জেন্টিনা জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে বড় একটি প্রশ্ন হচ্ছে, তার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি কে পরবেন?
মেসির অনুপস্থিতিতে সর্বশেষ এই জার্সি পরেছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তবে বর্তমানে ইতালির ফিওরেন্তিনায় খেলা এই তরুণের হাতে স্থায়ীভাবে ১০ নম্বর জার্সি যাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। বরং আর্জেন্টিনা দলে আরও কয়েকজন আক্রমণাত্মক খেলোয়াড় এই জার্সির দৌড়ে এগিয়ে রয়েছেন।
সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় সবার আগে রয়েছে লিভারপুলের ১০ নম্বর জার্সিধারী অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।
২০১৯ সালের ৫ সেপ্টেম্বর জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৫৪টি ম্যাচ খেলেছেন ম্যাক অ্যালিস্টার এবং করেছেন সাত গোল। স্কালোনির অধীনেই জাতীয় দলে অভিষেক হওয়ায় মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হিসেবে তার নামটি বেশ জোরালোভাবেই আলোচনায় রয়েছে।
ম্যাক অ্যালিস্টারের পর অন্যতম বাস্তবসম্মত বিকল্প এনজো ফার্নান্দেজ। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারও স্কালোনির দলের গুরুত্বপূর্ণ অংশ। ২০২২ সালের সেপ্টেম্বরে প্রথমবার জাতীয় দলে ডাক পান এনজো। এরপর মাত্র তিন মাসের মধ্যেই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপাজয়ী দলের নিয়মিত একাদশের সদস্য হয়ে যান তিনি। বর্তমানে জাতীয় দলের হয়ে তার ৪৯ ম্যাচে গোলসংখ্যা আট।
সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় তৃতীয় গুরুত্বপূর্ণ নাম নিকো পাজ। কোমোর ১০ নম্বর জার্সি পরা এই তরুণের জাতীয় দলে অভিজ্ঞতা অবশ্য তুলনামূলক কম। এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে মাত্র ১১টি ম্যাচ খেলেছেন এবং করেছেন একটি গোল।
২০২৬ বিশ্বকাপে পাজ ১৮ নম্বর জার্সি পরেছিলেন। তবে ভবিষ্যতে তাকে ১০ নম্বর জার্সিতে দেখা গেলে সেটি বড় কোনো চমক হবে না।
এ ছাড়া থিয়াগো আলমাদাও এই দৌড়ে রয়েছেন। জাতীয় দলে সাম্প্রতিক সময়ে তার গুরুত্ব বেড়েছে। আরেকটি সম্ভাব্য নাম লাওতারো মার্তিনেজ; ইন্টার মিলানে যিনি ইতোমধ্যেই ১০ নম্বর জার্সি পরেন।
মেসি ছাড়া আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি ২০০৯ সালের পর এবারই প্রথম স্থায়ীভাবে ফাঁকা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে গত ১৭ বছরে মেসির অনুপস্থিতিতে বিভিন্ন সময়ে অন্য খেলোয়াড়রা এই জার্সি পরেছেন।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে মেসির অনুপস্থিতিতে মোট সাতজন খেলোয়াড় আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেছেন। তাদের মধ্যে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকেই ভবিষ্যতে নিয়মিত জাতীয় দলে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
অন্য ছয়জন হলেন; সের্হিও আগুয়েরো, হাভিয়ের পাস্তোরে, আনহেল দি মারিয়া, এভার বানেগা, আনহেল কোরেয়া এবং পাওলো দিবালা।
আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি শুধু একটি নম্বর নয়; এর সঙ্গে জড়িয়ে আছে দেশটির ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় কিংবদন্তিদের নাম। মেসির আগে এই জার্সি পরেছেন দিয়েগো ম্যারাডোনা, মারিও কেম্পেস, হুয়ান রোমান রিকেলমে ও আরিয়েল ওর্তেগার মতো তারকারা।
তবে মেসির যুগে জার্সিটির প্রতীকী গুরুত্ব আরও বেড়ে যায়। আর্জেন্টিনার হয়ে ২১ বছরের ক্যারিয়ারের বড় একটি সময় ১০ নম্বর জার্সি পরেছেন মেসি। তার নেতৃত্বেই আর্জেন্টিনা জিতেছে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকাসহ একাধিক বড় শিরোপা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
