হৃদয়ের ট্রিপল সেঞ্চুরিতে দেশের ক্রিকেটের উন্নতি দেখছেন তামিম

| আপডেট :  ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭  | প্রকাশিত :  ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭

 

অপরাজিত ৩৫০ রান করে প্রথম শ্রেণির তথা স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় ইনিংস খেলার রেকর্ড গড়লেন তাওহীদ হৃদয়। হৃদয়ের অসাধারণ ইনিংসের মধ্যে দেশের ক্রিকেটের উন্নতি দেখছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার প্রশংসায় তামিম লিখেছেন, ‘যেকোনো জায়গায়, যেকোনো পর্যায়ে, যেকোনো প্রেক্ষাপটে ৩৫০ রানের ইনিংস খেলতে পারা দারুণ ব্যাপার। সেই ইনিংস যদি হয় দক্ষিণ আফ্রিকায়, তাহলে সেটিকে বলতে হয় অসাধারণ।’

নিজের রেকর্ড ভাঙা পড়লেও খুশি সাবেক এই তারকা ক্রিকেটার, ‘বলা হয়, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। আমি খুবই খুশি যে আমার রেকর্ডটি ভেঙে গেছে।’

হৃদয়ের এই অসামান্য অর্জনকে বর্তমানে বিসিবি সভাপতির দায়িত্ব থাকা তামিম দেখছেন বাংলাদেশের ক্রিকেটের উন্নতির বার্তা হিসেবে, ‘ইতিহাস গড়ার জন্য অভিনন্দন তাওহিদ হৃদয়। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩৫০ স্পর্শ করতে পারা শুধু ব্যক্তিগত অর্জন নয়, দেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ারও একটি প্রতীক।’

প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি হাঁকানো বাংলাদেশের তৃতীয় ব্যাটার হৃদয়। আর তিনিই প্রথম ব্যাটার, যিনি এই কীর্তি গড়লেন বিদেশের মাটিতে।

২০০৭ সালে প্রথম শ্রেণিতে বাংলাদেশের হয়ে প্রথম ট্রিপল সেঞ্চুরি করেছিলেন রকিবুল হাসান। ফতুল্লায় জাতীয় লিগের ম্যাচে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ৬০৯ বলে ৩১৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

পচেফস্ট্রুমে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের শেষদিনে বাংলাদেশ এ দলের হয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা বিপক্ষে রেকর্ডময় ট্রিপল সেঞ্চুরি হাঁকান হৃদয়। সেখানেই থেমে যাননি এই ডানহাতি ব্যাটার। ৪৮১ বলে ২৭ চার ও ১০ ছক্কায় ঠিক ৩৫০ রান স্পর্শ করে অপরাজিত থাকেন তিনি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত